ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর ভূমিকার তাগিদ

রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর ভূমিকার তাগিদ
×
×

সালাহউদ্দিন আহমেদ

 বাসস

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ০৮:৫৩

| প্রিন্ট সংস্করণ

রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকটের সার্বিক দিক এবং বাস্তুচ্যুতদের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ মিয়ানমারের নাগরিকদের (এফডিএমএন) মানবিক কারণে আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে এক মারাত্মক সংকটের মুখোমুখি রয়েছে। এই সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সাক্ষাতে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত বর্তমান সংঘাতময় পরিস্থিতির কথা তুলে ধরে জানান, সংঘাত বন্ধ করা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে তিনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছেন।

বৈঠকে সীমান্ত অঞ্চলে ল্যান্ডমাইনের আধিক্য, মানব ও মাদক পাচার এবং এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ ছাড়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তনের লক্ষ্যে রাজনৈতিক সংলাপ ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
 

আরও পড়ুন

×