অনার্স ফাইনালের বাকি পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০ | ০৯:৫৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের কয়েক লাখ পরীক্ষার্থীর অপেক্ষার প্রহর অবশেষে শেষ হচ্ছে। গত মার্চে অর্ধেক পরীক্ষা দেওয়ার পর করোনার কারণে আটকে যাওয়া অনার্স চূড়ান্ত পর্বের বাকি পরীক্ষাগুলো অবশেষে শুরু হতে যাচ্ছে।
এরই মধ্যে পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৬ জানুয়ারি থেকে অবশিষ্ট পরীক্ষাগুলো শুরু হবে। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) সোমবার প্রকাশ করা হয়েছে।
এ সময়সূচি প্রকাশের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ পরীক্ষার্থী যেন হাঁপ ছেড়ে বাঁচলেন।
করোনার কারণে একের পর এক পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় সারাদেশের দুই হাজারের বেশি কলেজের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার দায়িত্ব নেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হয়েছিল একাডেমিক সংকট।
