ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্কে দৃশ্যমান উন্নতি দেখতে পাবেন: দোরাইস্বামী

বাংলাদেশ-ভারত সম্পর্কে দৃশ্যমান উন্নতি দেখতে পাবেন: দোরাইস্বামী
×

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে দুই দেশের কর্মকর্তারা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০ | ০১:৫৭

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিদ্যমান রয়েছে। আজকের এই ভার্চুয়াল মিটিং দুই নেতৃত্বকে কথা বলার সুযোগ করে দিয়েছে। এই বৈঠকের পরে আমাদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হবে। আগামী বৈঠকের আগে আপনারা দৃশ্যমান উন্নতি দেখতে পাবেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্য, জ্বালানি, কৃষিসহ সাত খাতে সহযোগিতার ক্ষেত্রে সই হওয়া এই সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে স্ব স্ব বিভাগের প্রধান কর্মকর্তারা এবং ভারতের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দ্বোরাইস্বামী সই করেন।

সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে দোরাইস্বামী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা একটি প্রাণও নষ্ট হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করছি। এ সমস্যা সমাধানে সীমান্ত ব্যবস্থাপনা উন্নয়নের জন্য চেষ্টা করতে হবে। যাতে করে অবৈধভাবে কেউ সীমান্ত পার না হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব থেকে নিচ পর্যন্ত সবাই এই বিষয়ে আন্তরিক।

যৌথ নদী কমিশনের বৈঠকের বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, কয়েক সপ্তাহের ভেতরে এ সংক্রান্ত বৈঠকের তারিখ নির্ধারণ হবে বলে আশা করি।

লাইন অব ক্রেডিট প্রকল্প বাস্তবায়ন বিষয়ে তিনি বলেন, আমরা এর বাস্তবায়ন চাই। আগামী জানুয়ারি মাসে আমি আর বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এর পদ্ধতিগত সমস্যাগুলোর সমাধান নিয়ে বৈঠক করবো। সর্বোচ্চ নেতৃত্ব চায় প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন। বাংলাদেশকে এ প্রকল্পে আট বিলিয়ন ডলার সাহায্য দেবে ভারত।  

সই হওয়া সমঝোতা স্মারকগুলো হলো- হাইড্রোকার্বনে সহযোগিতার বিষয়ে রূপরেখা, কৃষি খাতে সহযোগিতা, নয়াদিল্লি জাদুঘরের সঙ্গে বঙ্গবন্ধু জাদুঘরের সহযোগিতা, হাতির সুরক্ষায় অভয়ারণ্য নিশ্চিত করা, হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প চালু, বাংলাদেশ-ভারত প্রধান নির্বাহী কর্মকর্তা ফোরামের ট্রাম্প অব রেফারেন্স এবং বরিশালে সুয়ারেজ প্রকল্পের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে যন্ত্রপাতি কেনাকাটায় ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক।


আরও পড়ুন

×