বাজারে নতুন পেঁয়াজ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ১০:৪২
বাজারে এসেছে নতুন পেঁয়াজ। চড়া দামের ভোগান্তিতে থাকা ক্রেতাদের জন্য যা আশীর্বাদ। গত এক সপ্তাহ ধরে পেঁয়াজের অস্বাভাবিক দামে নাকাল হয়ে পড়েছেন ক্রেতারা। এই সময়ে ভালো দামের আশায় আগাম তুলে নতুন পেঁয়াজ বাজারে ছাড়ছেন কৃষকরা। এর ফলে পেঁয়াজের ঝাঁজ কিছুটা কমতে শুরু করলেও দাম এখনও নাগালের বাইরে।
ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর পাইকারি বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজ (ছোট পেঁয়াজ লাগিয়ে উৎপাদন করা) এসেছে। বৃহস্পতিবার রাজধানীর মিরাপুর ও কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এই পেঁয়াজ দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, এখন নতুন পেঁয়াজের দু'একটি ট্রাক আসছে। আবার অন্যান্য পণ্যের সঙ্গে অল্প পরিমাণে এসেছে। এ পেঁয়াজ আসা শুরু হওয়ায় পাইকারীতে দাম কমতে শুরু করেছে।
গত এক সপ্তাহ ধরে পেঁয়াজের সর্বোচ্চ দামে দিশেহারা ক্রেতারা। খুচরায় এখন নতুন পেঁয়াজ ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর গাছসহ পেঁয়াজের দামও কেজিতে ২০ টাকা কমে ১০০ থেকে ১১০ টাকায় পাওয়া যাচ্ছে। এতদিন দেশি পুরাতন পেঁয়াজ ২৫০ থেকে ২৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। বৃহস্পতিবার পুরাতন পেঁয়াজের দামও কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে ২২০ থেকে ২৪০ টাকায় পাওয়া যায়। আমদানি করা পেঁয়াজের দামও একই হারে কমেছে। মিয়ানমার ও পাকিস্তানের পেঁয়াজ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হয়। দাম বেড়ে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হওয়া চীন তুরস্ক ও মিশরের পেঁয়াজ এখন ১৫০ থেকে ১৬০ টাকায় নেমেছে। বাজারে দাম কমলেও বিভিন্ন মহাল্লার দোকানগুলোতে আগের চড়া দামে বিক্রি হতে দেখা গেছে।
বাজারে আসা নতুন পেঁয়াজ পাইকারি আড়তে প্রতিকেজি ১৩০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারীতে দেশি পুরাতন পেঁয়াজের দাম কমেছে। বৃহস্পতিবার দেশি পুরাতন পেঁয়াজ ২০০ থেকে ২২০ টাকা কেজি বিক্রি হয়। যা এতদিন ২২০ থেকে ২৩০ টাকা ছিল। এছাড়া মিয়ানমার ও পাকিস্তানের পেঁয়াজ ১৮০ থেকে ১৯০ টাকা এবং চীন, মিসর ও তুরস্কের পেঁয়াজ ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মিরপুর-১ শাহআলী মার্কেটের পাইকারী ব্যবসায়ী আলাউদ্দিন মজুমদার সমকালকে বলেন, গত দুই দিন ধরে গোয়ালন্দ রাজবাড়ী থেকে নতুন মুড়িকাটা পেঁয়াজ আনছেন। বৃহস্পতিবার আনা পেঁয়াজ ১৩০ টাকা কেজিতে বিক্রি করেছেন। এখনও এই পেঁয়াজ আকারে কিছুটা ছোট। তবে আগামী সপ্তাহে বাজারে পরিপক্ক প্রচুর পেঁয়াজের সরবরাহ বাড়বে। এতে দাম কমে আসবে।
তিনি বলেন, এতদিন বাজারে অস্বাভাবিক দর ছিল। দাম বেড়ে যাওয়ায় বেচাকেনাও অনেক কম ছিল।
কারওয়ান বাজারের ব্যবসায়ী আজাহার উদ্দিন বলেন, বাজারে আসা নতুন পেঁয়াজের কদর বেশ ভাল। আকার ছোট হলেও ঝরঝরে পরিস্কার। এই পেঁয়াজ গত দুই দিন ধরে সরবরাহ বেশ বাড়ছে। আগামী সপ্তাহে নতুন পেঁয়াজ আরও বেশি আসলে দামও বেশ কমে আসবে বলে মনে করেন তিনি।
এই বাজারের আড়তদার মো. ইসমাইল হোসেন বলেন, নতুন পেঁয়াজ আসায় দাম কমিয়ে পুরাতন পেঁয়াজ ছাড়তে শুরু করেছেন। আগে পাল্লা ১ হাজার ১৫০ টাকা ছিল। এখন এক হাজার ৫০ টাকায় বিক্রি করছেন। ক্রেতাদের কম দামে পাওয়ায় নতুন পেঁয়াজে আগ্রহ বাড়বে। এ কারণে সবাই দাম কমিয়ে ছেড়ে দিচ্ছেন।
বাজারে নতুন আলু এসেছে। খুচরায় নতুন আলু ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ আলু আসলেও কমেনি পুরাতন আলুর দাম। উল্টো কেজিতে ৫ টাকা বেড়ে এখন ৩০ টাকা হয়েছে। অন্যান্য সবজির সরবরাহ বাড়লেও চড়া দামে বিক্রি হচ্ছে।
পীরেরবাগ বাজারের খুচরা বিক্রেতা দেলোয়ার হোসেন জানান, বাজারে পেঁয়াজের চড়া দামের কারণে সাধারণ পরিবারে ডিমের চাহিদা কমেছে। এতে ডিম বিক্রি আগের চেয়ে অনেক কমে গেছে। তবে নতুন পেঁয়াজ আসায় দাম কমলে ডিম বিক্রি বাড়বে। তিনি এক মাস ধরে পেঁয়াজ বিক্রি করেননি। আগামী সপ্তাহে দাম কমলে দোকানে পেঁয়াজ তুলবেন বলে জানান তিনি।
- বিষয় :
- পেঁয়াজ