ব্রুনাইয়ের সুলতান ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে আম পাঠালেন শেখ হাসিনা
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২১ | ১২:৪৬
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়াহকে এক হাজার কেজি করে হাঁড়িভাঙা আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাকার্তার বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
জাকার্তার বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এক হাজার কেজি আম সে দেশের প্রেসিডেন্টের বাসভবন মারদেকা প্রেসিডেন্সিয়াল প্যালেসে হস্তান্তর করা হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ব্যক্তিগত কর্মকর্তা, প্রেসিডেন্সিয়াল প্যালেসের প্রটোকল অফিসারের উপস্থিতিতে এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অফিসার উপহারের আম গ্রহণ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, শনিবার উপহারের এই আম ব্রুনাইয়ের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অফিসারের কাছে হস্তান্তর করেছে বন্দরসেরি
বেগওয়ানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। পরে উপহারের আম দেশটির সুলতানের
রাজকীয় প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নিয়ে যাওয়া হয়।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শন হিসেবে মালদ্বীপের
প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর জন্য ৫০০ কেজি হাঁড়িভাঙা আম
পাঠিয়েছেন। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের
প্রধানমন্ত্রী ইমরান খান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এবং ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরামের মুখ্যমন্ত্রীসহ নেপাল, ভুটান ও
শ্রীলঙ্কার রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য আম উপহার পাঠানো হয়েছে।
- বিষয় :
- ইন্দোনেশিয়া
- ব্রুনাই
- আম
- উপহার
- শেখ হাসিনা
