‘প্রাইভেটকার নিয়ন্ত্রণ করা হবে’
ঢাকার সড়কে প্রাইভেটকার, সংগৃহীত ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১ | ১২:৩৫ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ | ১২:৩৫
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম বলেছেন, গণপরিবহনকে প্রাধান্য দিয়ে প্রাইভেটকার নিয়ন্ত্রণ করা হবে। মেট্রোরেল, বাস র্যাপিড ট্রানজিট, বাস রুট ফ্র্যাঞ্চাইজির মাধ্যমের আধুনিক গণপরিবহন গড়ে তোলা হবে। এক্ষেত্রে সিটি করপোরেশনকেও এগিয়ে আসতে হবে। যাতে ফুটপাতে স্বাচ্ছন্দ্যে হেঁটে গণপরিবহনে উঠতে পারেন যাত্রীরা। তাতেই প্রাইভেট গাড়ি কমবে।
বুধবার ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস-২০২১' উপলক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) কর্মশালায় এ কথা বলেন নজরুল ইসলাম। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘গণপরিবহনে ও হেঁটে চলি, ব্যক্তিগত গাড়ি সীমিত করি’।
ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় অংশ নেন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মুনিবুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান, পরিবহন বিশেষজ্ঞ ড. এসএম সালেহউদ্দিন, স্থপতি ইকবাল হাবিব, ড. আকতার মাহমুদ, ড. মুসলেহ উদ্দিন হাসান, বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. হাদীউজ্জামান প্রমুখ।
রাকিবুর রহমান বলেন, মেট্রোরেল ও বিআরটির স্টেশন এবং বাস স্টপেজগুলোর সঙ্গে সংযুক্ত সব সড়কে অন্তত ১০ মিনিটের নিরবচ্ছিন্ন হাঁটার পথ থাকা প্রয়োজন।
ড. আকতার মাহমুদ বলেন, ঢাকা শহরে ৪০ শতাংশ ট্রিপ দুই কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। যার শুরুটা হয় হাঁটার মাধ্যমে। ফুটপাত থাকলে বাকিটা হেঁটে হবে।
ড. হাদীউজ্জামান বলেন, প্রাইভেট গাড়ির বার্ষিক প্রবৃদ্ধি পাঁচ দশমিক ২ শতাংশ। ২০৩০ সালে সাড়ে তিন লাখ ব্যক্তিগত গাড়ি চলবে ঢাকায়। এ বিশাল সংখ্যক গাড়ি পার্কিংয়ের প্রয়োজনীয় জায়গা নেই ঢাকায়।
- বিষয় :
- সড়ক পরিবহন
- গণপরিবহন
- প্রাইভেটকার
- মেট্রোরেল
