বুটেক্স
পথ দেখাবে ক্যারিয়ার ক্লাব
রাতুল সাহা
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১১:১১
বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে প্রতিযোগিতামূলক পেশাজীবনে টিকে থাকতে কেবল একাডেমিক পড়াশোনা যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন যোগাযোগ দক্ষতা, সমস্যার সমাধান এবং নেতৃত্বের গুণাবলি। মূলত টেক্সটাইল গ্র্যাজুয়েটদের করপোরেট জগতের উপযোগী করে তুলতে এবং তাদের মাঝে বহুমুখী দক্ষতা বিকাশের লক্ষ্য নিয়ে ২০১৬ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যারিয়ার ক্লাব।
উদ্দেশ্য ও কার্যক্রম
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ ও চাকরিপ্রস্তুত করে তুলতে ক্লাবটি নিয়মিত ওয়ার্কশপ, ইন্ডাস্ট্রি এনগেজমেন্ট সেশন, জব ফেয়ার এবং উচ্চশিক্ষার সহায়ক সেমিনারের আয়োজন করে থাকে। আইটি, ফিন্যান্স, ক্রিয়েটিভ অ্যাফেয়ার্স, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড প্রমোশন, ইভেন্ট ম্যানেজমেন্ট, লজিস্টিকস ও ইন্ডাস্ট্রি এনগেজমেন্ট–এই সাতটি সুনির্দিষ্ট বিভাগ ক্লাবের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে। প্রথম বর্ষের সাধারণ সদস্যদের মধ্য থেকে বিভিন্ন টাস্ক ও ভাইভার কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যদের কার্যনির্বাহী পরিষদে নেওয়া হয়। বর্তমানে এই ক্লাবের নবম কার্যনির্বাহী পরিষদে ৮০ জন নিবেদিতপ্রাণ সদস্য কাজ করছেন।
সাম্প্রতিক সাফল্য ও অর্জন
চলতি বছরে ক্লাবটি উদ্যোক্তা বিষয়ক সেমিনার, প্রফেশনাল সিভি রাইটিং ওয়ার্কশপ, আন্তর্জাতিক এক্সপোতে শিক্ষার্থীদের অংশগ্রহণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইউরোপে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারসহ নানা ব্যতিক্রমী কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসরুমের শিক্ষার বাইরে গিয়ে বাস্তব জ্ঞান ও পেশাদার নেটওয়ার্ক তৈরির সুযোগ পাচ্ছে।
নেতৃত্বের বাণী ও ভবিষ্যৎ পরিকল্পনা
ক্লাবের মডারেটর অধ্যাপক ড. শেখ মো. মামুন কবীর মনে করেন, ‘সফলতার বড় পুঁজি হলো সঠিক প্রস্তুতি এবং বুটেক্স ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের সেই প্রস্তুতির পথ তৈরি করে দিচ্ছে।’
ক্লাবের সভাপতি মো. নাজমুছ সাকিব জানান, এই প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের শুধু পেশাগতভাবে দক্ষই করে না, বরং নৈতিক মূল্যবোধসম্পন্ন একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। অন্যদিকে, সাধারণ সম্পাদক এফ এম সাজ্জাদ বলেন, ভবিষ্যতে শিক্ষার্থী ও টেক্সটাইল ইন্ডাস্ট্রির মধ্যকার সেতুবন্ধন আরও দৃঢ় করে বুটেক্সিয়ানদের প্রতিযোগিতায় সবসময় এক ধাপ এগিয়ে রাখাই তাদের মূল লক্ষ্য।
- বিষয় :
- বিশ্ববিদ্যালয়
- বুটেক্স