ক্যাম্পাস সংবাদ
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১১:৩৬
রাজশাহীতে বিএনসিসির ডেঙ্গু সচেতনতামূলক র্যালি
জিন্নাত আরা
এডিস মশার প্রকোপ ও ডেঙ্গু রোগের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট সকালে ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্টের আয়োজনে এবং রাজশাহী কলেজ ও রাজশাহী সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে বিএনসিসির ক্যাডেটদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। ক্যাডেটরা ব্যানার, ফেস্টুন ও বিএনসিসির পতাকা নিয়ে কলেজ ক্যাম্পাস ও নগরীর গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় র্যালি থেকে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়। র্যালি শেষে রাজশাহী কলেজ ক্যাম্পাস ও আশপাশের সম্ভাব্য এডিস মশার প্রজননস্থলে মশক নিধনের ওষুধ ছিটানো হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির, পিএসসি। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী এবং উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী। এ ছাড়া মহাস্থান রেজিমেন্টের বিএনসিসিও, পিইউও, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা, সামরিক প্রশিক্ষকসহ বিভিন্ন কলেজের বিএনসিসি ক্যাডেটরা উপস্থিত ছিলেন।
ঢাবি লেখক ফোরামে ইংরেজি কলাম লেখাবিষয়ক কর্মশালা
যায়েদ আব্দুল্লাহ
১৭ আগস্ট বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইংরেজি কলাম লিখন প্রশিক্ষণ কর্মশালা। From Pen to Papers, a professional training workshop on English Column, Literary Feature & Feature Writing - শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয় কলাভবনের ৪০৪৬ নম্বর কক্ষে। প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রাবন্ধিক, লেখক ও স্টেট ইউনিভার্সিটির লেকচারার মো. বিলাল হুসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিক খান, সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি, সাংগঠনিক সম্পাদক মো. জোবাইদুল ইসলাম, অর্থ সম্পাদক সুমাইয়া আক্তার, তথ্যপ্রযুক্তি সম্পাদক মাহমিয়া আলম শান্তা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাইফুল জামান ঝুমু।