ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ক্যাম্পাস সংবাদ

ক্যাম্পাস সংবাদ
×

 ক্যাম্পাস ডেস্ক 

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১২:১২

এআইইউবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস

‘ইমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচার’– প্রতিপাদ্য নিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ফার্মেসি বিভাগ বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ফার্মাসিস্টদের ভূমিকা, ওষুধের নিরাপদ ও যৌক্তিক ব্যবহার এবং জনস্বাস্থ্য সুরক্ষায় তাদের অবদান নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। তিনি দক্ষ ও নৈতিকতাসম্পন্ন ফার্মাসিস্ট হিসেবে নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

অনুষ্ঠানে এআইইউবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমানসহ শিল্প, শিক্ষাঙ্গন, স্বাস্থ্যসেবা ও গবেষণা খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সিদ্দিকুল ইসলাম। আলোচনা সভায় তানবীর আশরাফ (হেলিয়ন বাংলাদেশ), মোহাম্মদ রিয়াজুর রহমান (ইনসেপ্টা), মো. রফিকুল ইসলাম (এসিআই), মো. মুকসিদুল হক (পপুলার ফার্মাসিউটিক্যালস), অধ্যাপক এম. শাহাবুদ্দিন কে. চৌধুরী, ড. কে. সি. পল, ড. শর্মিলা হুদা, অধ্যাপক ড. আবু সৈয়দ মো. মোসাদ্দেক ও ড. তুহিন জাহান বক্তব্য দেন।  পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ আয়োজনের মাধ্যমে দক্ষ ও নৈতিকতাসম্পন্ন ফার্মেসি গ্র্যাজুয়েট তৈরিতে শিক্ষা, গবেষণা ও পেশাগত উন্নয়নের পাশাপাশি শিল্প ও সংশ্লিষ্ট খাতের সঙ্গে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব 
দেওয়া হয়।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭-এ  আইইউবিএটি পঞ্চম 

যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৭ প্রকাশিত হয়েছে। মর্যাদাপূর্ণ এ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পঞ্চম এবং দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবম স্থান অর্জন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। বৈশ্বিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টি ১০০১-১২০০ অবস্থানে রয়েছে, যার মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে আইইউবিএটি।

সম্প্রতি টিএইচই প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৮টি দেশের দুই হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়ন করেছে প্রতিষ্ঠানটি। টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং বিশ্বজুড়ে সবচেয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংগুলোর অন্যতম।
 

আরও পড়ুন

×