ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩ | ০৪:৩০ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ | ০৪:৪৭
দূষিত বাতাসের শহরের তালিকায় শুক্রবার ঢাকার অবস্থান দশম। আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। সকাল সাড়ে ১০টা ৭মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১৫২। ফেব্রুয়ারি ও মার্চ মাসে বেশিসংখ্যক দিন অস্বাস্থ্যকর বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। এ ধারাবাহিকতা রয়েছে চলতি এপ্রিলেও। গতকাল বৃহস্পতিবার ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর।
একিউআই স্কোরে শীর্ষে আছে থাইল্যান্ডের চিয়াং মাই, স্কোর ৩৮২। দ্বিতীয় স্থানে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৭৬। ১৭৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তানের করাচি। চতুর্থ স্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, স্কোর ১৬৬। পঞ্চমে পাকিস্তানের আরেক শহর লাহোর, স্কোর ১৫৮।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।
