ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ভিডিও ভাইরাল

শিশুর সামনে তার গ্রেপ্তার বাবাকে চড়, খতিয়ে দেখছে পুলিশ

শিশুর সামনে তার গ্রেপ্তার বাবাকে চড়, খতিয়ে দেখছে পুলিশ
×

মেয়ের সামনে চড় মারা হয় বাবাকে। ছবি: ভিডিও থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ | ১৯:২৭ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ | ২১:৪৬

পুলিশি অভিযানে শিশুর সামনে বাবাকে চড় মারার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, পুলিশি অভিযানে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাকে জড়িয়ে ধরে কাঁদছে এক মেয়ে শিশু। তখন একজন ওই ব্যক্তিকে চড় মারেন। এতে শিশুটি ‘আব্বা’ বলে আরও হাউমাউ করে কাঁদতে থাকে। গ্রেপ্তার ব্যক্তিসহ অন্যরা শিশুটিকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে নেন। সামাজিক মাধ্যমে এই দৃশ্য দেখে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শিশুর সামনে বাবাকে মারধর অমানবিক আচরণ উল্লেখ করে ঘটনার নিন্দা জানান।

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর অন্যতম মাদকস্পট হিসেবে পরিচিত মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই অভিযান চালানো হয়। তখন রুস্তম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তার সাত–আট বছরের মেয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদছিল। তার বাবাকে যেন ধরে নিয়ে যাওয়া না হয় এমন অনুনয় করছিল। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তি মাদক কারবারি। অভিযানে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এদিকে অভিযানে থাকা পুলিশ সদস্যদেরই কেউ শিশুর সামনে বাবাকে চড় মেরেছেন বলে অভিযোগ তুলেছেন নেটিজেনরা। তারা বলছেন, কেউ অপরাধী হলেও শিশু মেয়ের সামনে বাবাকে মারধর নির্মমতার প্রকাশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান সমকালকে বলেন, অভিযান সংশ্লিষ্ট কেউ গ্রেপ্তার ব্যক্তিকে চড় মারেনি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অপেশাদার আচরণের প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার ভোরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে নিহত হন মো. জাহিদ (২০) নামে এক তরুণ। তিনি কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানে কাজ করতেন। তার বিরুদ্ধে মাদক কারবারে সংশ্লিষ্ট থাকার অভিযোগও রয়েছে। তার মৃত্যুর পর সেখানে অভিযান চালায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে মাদক কারবারিদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হচ্ছে। এসব ঘটনায় বিবাদমান পক্ষগুলোর লোক ছাড়াও ক্যাম্পের নিরীহ বাসিন্দা হতাহত হয়েছেন। গত প্রায় ১৫ মাসে অন্তত আটজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

আরও পড়ুন

×