সায়েদাবাদে যাত্রী উপস্থিতি খুবই কম
সায়েদাবাদে যাত্রী গিজ গিজ করলেও আজ একেবারে ফাঁকা। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ | ১৫:১৪ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ | ১৫:২৭
বাসগুলো সারিবদ্ধভাবে পার্কিং করা। দুই-একটা বাস রাস্তার পাশে যাত্রীর অপেক্ষায়। কলাররা (পরিবহন শ্রমিক) যাত্রী ডাকছেন- কুমিল্লা, মেঘনা, চাঁদপুর, বরিশালের উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে। যাত্রী কম থাকায় কলাররা যাত্রী পেলেই টানাটানি শুরু করছেন নিজের বাসে উঠানোর জন্য।
এ দৃশ্য আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার, রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালের।
সরজমিনে দেখা গেল, যাত্রী উপস্থিতি খুবই কম। যে টার্মিনাল থেকে স্বাভাবিক সময়ে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে একটার পর একটা বাস যাত্রী নিয়ে ছেড়ে যায়, আজকের চিত্র তার উল্টো। ঘণ্টা পার হলেও বাসের সব সিট পূরণ হচ্ছে না। ফলে অর্ধেক যাত্রী কিংবা আসন সংখ্যার তিন ভাগের দুই ভাগ যাত্রী নিয়ে রওনা দিতে হচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে।
সায়দাবাদ থেকে কুমিল্লার লাকসাম রুটে চলাচল করা তিশা পরিবহনের চালক মো. খোকন বেলা সাড়ে ১২টায় সমকালকে বলেন, গতকাল রাতে লাকসাম থেকে যাত্রী নিয়ে সায়দাবাদ আসি। বেলা সাড়ে ১১ টায় যাত্রী নিয়ে আবার লাকসামের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ১২টা পর্যন্ত আসন পূরণ হয়নি। এখন অর্ধেক যাত্রী নিয়ে রওনা দিচ্ছি।
তিশা পরিবহনের কলার মোহাম্মদ ফারুক জানান, আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অন্যান্য দিন ২০-২৫ টা বাস যাত্রী নিয়ে ছেড়ে যায়। কিন্তু আজ সাড়ে ১২টা পর্যন্ত পাঁচটি বাস গেছে।
ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলাচল করা সিডিএম ট্রাভেলসের কাউন্টার ম্যানেজার মাহবুবুর রহমান জানান, আতঙ্কে যাত্রীরা বের হচ্ছে না। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত তাদের কোম্পানির ৯টি বাস ছেড়ে গেছে। কোনো বাসেই যাত্রী পূরণ হয়নি।
- বিষয় :
- পরিবহন
- পরিবহন শ্রমিক
- সায়েদাবাদ
