পল্লবীতে প্রকাশ্যে গলা কেটে এক ব্যক্তিকে হত্যা
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২০ | ১০:১৩
রাজধানীর পল্লবীতে ফিরোজ (৪০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে পল্লবী মহিলা ডিগ্রী কলেজের পাশে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
তবে পূর্বের কোনো বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা। নিহত ব্যক্তি অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম সমকালকে বলেন, ‘ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। স্থানীয় কয়েকজন খুনের ঘটনা দেখেছেন বলেও তথ্য মিলেছে। তবে কেউ পুলিশের কাছে তা স্বীকার করেননি। পুলিশ প্রযুক্তিগতভাবে ও অন্যান্য উপায়ে তদন্ত এগিয়ে নিচ্ছে।’ দ্রুতই জড়িতদের শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ওসি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরপুর-১২ নম্বর সেকশনের ই-ব্লকের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন বিহারি ফিরোজ ওরফে গান্দা ফিরোজ। এর আগে তিনি পল্লবীর মিল্লাত ক্যাম্পে থাকতেন। শুক্রবার বিকেল ৪টার দিকে কেউ তাকে ফোন করে কলেজের কাছে ডেকে নেয়। এরপর বাকবিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ পৌঁছে তার রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত একটি মামলায় তিনি ১৪ বছর কারাগারে ছিলেন বলেও জানা গেছে।
আরও জানা যায়, বছরখানেক আগে ফিরোজ কারামুক্ত হন। নতুন করে তিনি অপরাধে জড়িয়ে পড়েছিলেন কি না নিশ্চিত হওয়া যায়নি। তবে অপরাধ জগতের কারও সঙ্গে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।