প্রশিক্ষণ নিয়ে সার্বিয়া যাচ্ছেন ১১ কর্মী
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ০০:৫০
বাংলাদেশ থেকে ওয়েল্ডিং ও শিপিংয়ের কাজের প্রশিক্ষণ নিয়ে ১১ জন কর্মী যাচ্ছেন ইউরোপের দেশ সার্বিয়ায়।
রোববার উত্তরার তুরাগ এলাকার জে আই ইসলামি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সার্বিয়া যেতে ইচ্ছুক কর্মীরা আজ বিকেল ৪টার ফ্লাইটে দেশ ত্যাগ করেন।
ঠাকুরগাঁও এলাকার বাসিন্দা ও সার্বিয়াগামী দুলাল বলেন, আমি আগেও সিঙ্গাপুরে ছিলাম। গত ১০ মাস আগে এখানে ওয়েল্ডিংয়ের কাজে প্রশিক্ষণ নিয়েছিলাম। পরে বিদেশি ডেলিগেটদের কাছে ভাইভা দিয়ে ভিসা পেয়েছি।
মানিকগঞ্জ থেকে সার্বিয়া যাচ্ছেন মিজানুর রহমান৷ তিনি বলেন, ৫ মাসের প্রশিক্ষণ শেষ করার ১ বছরের আগেই ভিসা পেয়েছি।
জে আই ইসলামিক সাইন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এর ম্যানেজার মোহাম্মদ রাজীব হোসেন বলেন, 'আমরা দীর্ঘদিন থেকে ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে প্রশিক্ষণ নিয়ে শ্রমিক পাঠাই। সেটির ধারাবাহিকতায় এবার সার্বিয়া ১১ জন প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক পাঠাচ্ছি।
তিনি আরো বলেন, আমরা সব সময় বৈধভাবে বিদেশে জনশক্তি প্রেরণ করি। আমাদের প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম রয়েছে। তবে গত ৫ আগস্টের পর দেশের পটপরিবর্তনের ফলে আমাদের কাজে কিছুটা বিলম্ব হয়। এখন থেকে আবার আমরা ইউরোপসহ বিভিন্ন দেশে দক্ষ শ্রমিক পাঠাতে পারব।
বিদায়ী অনুষ্ঠানে এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডির উপস্থিত ছিলেন মো. সিদ্দিকুর রহমান, মো. আজহার ও মো. সানাউল্লাহ প্রমুখ।
- বিষয় :
- প্রবাসী
- বিদেশ যাওয়ার অনুমতি
- ভিসা
- শ্রমিক
