পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ দিয়ে ‘ইআরইউসি বাংলাদেশের’ যাত্রা শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬ | ২২:৫৬
রাজধানীতে পথশিশুদের মাঝে খাদ্য বিতরণের মাধ্যমে যাত্রা শুরু করেছে নতুন সামাজিক সংগঠন ‘এডুকেশন রাইটস ফর আন্ডারপ্রিভিলেজড চিলড্রেন বাংলাদেশ’ (ইআরইউসি বাংলাদেশ)।
বৃহস্পতিবার বিকেলে শহীদ ফারহান ফাইয়াজ চত্বর থেকে শুরু করে মোহাম্মদপুরের নূরজাহান রোড, সলিমুল্লাহ রোড ও আজম রোডসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। আয়োজনে পথশিশুদের সঙ্গে বসে খাবার ভাগাভাগি করার মধ্য দিয়ে ভিন্নধর্মী মানবিক উদ্যোগের পরিচয় দেয় সংগঠনটি।
সংগঠনটির সদস্যরা জানান, সদ্য কলেজ শেষ করা একদল তরুণের উদ্যোগে গত ২৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয় এই নন-প্রফিট সংগঠন। নিজেদের ব্যক্তিগত খরচ থেকে সঞ্চয় করা অর্থ দিয়ে তারা কার্যক্রম পরিচালনা করছেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক টি. এম. সামস তাবরিজ আকিব বলেন, শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার এবং উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের প্রধান হাতিয়ার। তিনি বলেন, ‘কোনো শিশুই আর্থসামাজিক কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়া উচিত নয়। সেই বিশ্বাস থেকেই আমাদের এই উদ্যোগ।’
তিনি আরও বলেন, পথশিশুদের সঙ্গে খাবার ভাগাভাগির এই আয়োজন কেবল একটি সূচনা। ভবিষ্যতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা সহায়তা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষক মো. মিনহাজ উদ্দীন ও মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তারা বলেন, তরুণদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয় এবং অন্যদেরও অনুপ্রাণিত করে।
সংগঠনের সদস্যরা জানান, এই উদ্যোগের মাধ্যমে তারা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণদের মানবিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে চান। তাদের বিশ্বাস, সম্মিলিত প্রচেষ্টায় একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
