মা দিবসে জলকন্যার ব্যতিক্রমধর্মী চিত্র প্রদর্শনী ‘সব নারীতেই মা’
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬ | ২২:৫৯
মা দিবস উপলক্ষে ছয় দিনব্যাপী যৌথ চিত্র প্রদর্শনী ‘সব নারীতেই মা’র আয়োজন করেছে নারী শিল্পীদের সংগঠন ‘জলকন্যা’।
রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী ও ভাস্কর আইভী জামান এবং সঙ্গীতশিল্পী মেহরীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিউরেটর শিল্পী অশোক কর্মকারসহ আমন্ত্রিত অতিথিরা।
‘জলকন্যা’ নারীদের একটি শিল্পভিত্তিক সংগঠন, যেখানে জলরঙসহ বিভিন্ন মাধ্যমে শিল্পচর্চা করেন নারীরা। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থেকেও যারা ছবি আঁকেন, তাদের কাজকে গুরুত্ব দিয়ে আয়োজন করা হয় এ প্রদর্শনী। ‘সব নারীতেই মা’ জলকন্যার দশম প্রদর্শনী। এবারের আয়োজনে জলরঙের পাশাপাশি অ্যাক্রিলিক ও কফি মাধ্যমের শিল্পকর্মও স্থান পেয়েছে।
প্রদর্শনীতে জলকন্যার ১২ জন শিল্পীর মোট ৩৫টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। আয়োজনে কিউরেশনে সহযোগিতা করেছেন শিল্পী অশোক কর্মকার এবং টাইটেল স্পনসর হিসেবে রয়েছে সিটি ব্যাংক।
অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে মা দিবস উপলক্ষে অতিথিদের বক্তব্য ও শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। পরে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা করা হয়।
কিউরেটর অশোক কর্মকার বলেন, “জলকন্যার প্রতিটি প্রদর্শনীতেই ভিন্নতা থাকে। মায়েরা নিজেদের ব্যস্ততার মধ্যেও ছবি এঁকে প্রদর্শনী করছেন, এটি সত্যিই প্রশংসনীয়।”
সঙ্গীতশিল্পী মেহরীন বলেন, “আমি একজন মা, আবার আমারও একজন মা আছেন। মায়ের কথামতো চললে জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হয় না।”
চিত্রশিল্পী ও ভাস্কর আইভী জামান বলেন, “শুধু একটি বিশেষ দিন নয়, প্রতিদিনই মা দিবস। জলকন্যার শিল্পীরা মা হিসেবে সব দায়িত্ব পালন করেও শিল্পচর্চা চালিয়ে যাচ্ছেন, এটি সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
জলকন্যার কর্ণধার সুপর্ণা এলিস গমেজ বলেন, “মাতৃত্ব শুধু সন্তান জন্মদানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি অনুভূতি ও দায়িত্ববোধের নাম। তাই আমি বিশ্বাস করি, সব নারীতেই মা বিদ্যমান।” অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপর্ণা এলিস গমেজ।
প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন সুপর্ণা এলিস গমেজ, সাবিয়া নাসরিন, এলিনা চাকমা, মাহ্ফুজা খানম, জ্যাকলিন রিয়া রোজারিও, শামা সায়োম, এনেষ্টিনা পাপিয়া গমেজ, দীপান্বিতা মহলদার, ইসরাত বিনতে রউফ, সালসাবিল সুলতানা, জীনাতুল কুবরা নিপা এবং সিলভিয়া তেরেজা কস্তা।
প্রদর্শনীটি আগামী ১৫ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
- বিষয় :
- মা দিবস
- চিত্র প্রদর্শনী
