ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

লাইসেন্স বাতিল, এখনও  চিকিৎসাধীন ২৫০ রোগী

মগবাজারে আদ্-দ্বীন হাসপাতাল

লাইসেন্স বাতিল, এখনও  চিকিৎসাধীন ২৫০ রোগী
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ০৮:৫১

| প্রিন্ট সংস্করণ

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল ছাড়ছে রোগীদের একাংশ। গতকাল শুক্রবার বেলা আড়াইটা পর্যন্ত ১৭৬ জন রোগী হাসপাতাল ছেড়েছেন। চিকিৎসাধীন ছিলেন ২৫০ জন।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করার সময় সেখানে ৪২৬ জন রোগী ভর্তি ছিলেন। 

হাসপাতাল ঘুরে দেখা যায়, জরুরি বিভাগেনতুন রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। তবে আগে থেকে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা ও সেবাদান অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ থেকে আসা আনিসুর রহমান বলেন, এক সপ্তাহ আগে তাঁর সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটি সুস্থ হয়ে ওঠায় আজ ছাড়পত্র পেয়েছে। তারা হাসপাতাল ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সাতক্ষীরা থেকে আসা বি এম রাসেল বলেন, তাঁর স্ত্রীর ফ্যাটি লিভারসহ নানা শারীরিক জটিলতার চিকিৎসা চলছিল। চার দিন হাসপাতালে থাকার পর আজ তাঁরা ছাড়পত্র পেয়েছেন। 

এদিকে অনেক স্বজন এখনই রোগীদের অন্য হাসপাতালে নিতে চাইছেন না। রাজধানীর মধুবাগ এলাকার বাসিন্দা আব্দুল্লাহ বলেন, চার দিন আগে তাঁর স্ত্রীর অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম হয়েছে। শিশুটি এখনও নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রয়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শিশুটিকে অন্য হাসপাতালে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ। সরকার যদি নিরাপদে স্থানান্তরের ব্যবস্থা করে, তবেই তাঁরা বিষয়টি বিবেচনা করবেন। তাঁর মতে, দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি হওয়া উচিত, কিন্তু হাসপাতাল পুরোপুরি বন্ধ করে দিলে অনেক রোগী সেবা থেকে বঞ্চিত হবেন।
গত ২৭ মে ঈদের আগের দিন সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

×