ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ হাতিয়ে বিদেশে পাচার করতেন তারা

চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ হাতিয়ে বিদেশে পাচার করতেন তারা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ২০:১৯

অনলাইন জুয়া পরিচালনা এবং বিদেশে অর্থ পাচারে জড়িত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার রাতে খুলনার খানজাহান আলী ও খালিশপুর থানা এলাকায় এ অভিযান চালানো হয়। শুক্রবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– রাকিবুল ইসলাম, আরিফুল ইসলাম আরজু, শেখ সাকির আহম্মেদ ও মিয়ানুল ইসলাম অয়ন। 

সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) ছুফি উল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সাইবার মনিটরিং সেল অনলাইন নজরদারির সময় দেশে ও বিদেশে অবস্থানকারী একটি চক্রের অনলাইন জুয়া পরিচালনার তথ্য পায়। তারা জুয়ার ওয়েবসাইটের বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করে মানুষকে প্রলুব্ধ করে আসছিল। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এসব জুয়ার সাইটে অংশ নিতে ব্যবহারকারীদের প্রথমে ‘টপ-আপ’ বা ডিপোজিট করতে হতো। এ উদ্দেশ্যে বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক হিসাব এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের নির্দেশনা দেওয়া হতো। অর্থ জমা হওয়ার পর ব্যবহারকারীর জুয়ার অ্যাকাউন্টে সমপরিমাণ ই-মানি বা বেট মানি যুক্ত করা হতো, যা পরবর্তীতে জুয়ায় ব্যবহার করা যেত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ লেনদেনের জন্য ব্যবহৃত এমএফএস এজেন্ট নম্বর ও ব্যাংক হিসাবগুলো নিয়মিত পরিবর্তন করা হতো। দেশের বিভিন্ন প্রান্তের এজেন্টদের কাছ থেকে এসব নম্বর ও হিসাব সংগ্রহ করে টেলিগ্রামসহ নানা যোগাযোগমাধ্যমে জুয়ার সাইট পরিচালনাকারীদের কাছে পাঠানো হতো। পরবর্তীতে ব্যবহারকারীরা ওইসব হিসাবে অর্থ লেনদেন করতেন। সংগৃহীত অর্থ থেকে এজেন্টরা নির্দিষ্ট কমিশন রেখে অবশিষ্ট টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করতেন। শেষে বাইন্যান্সের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে তা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বিদেশে পাচার করা হতো বলে প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে। সাইবার মনিটরিং সেলে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রাথমিক অনুসন্ধান শেষে সিআইডির পক্ষ থেকে পল্টন থানায় একটি মামলা করা হয়।

মামলাটির তদন্তে পাওয়া তথ্য ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সিআইডি জড়িতদের অবস্থান শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে খুলনায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার চারজনকে নিয়ে বৃহস্পতিবার সিআইডির অভিযানকারী দলটি ঢাকায় ফেরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচারে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের হোতাসহ দেশি-বিদেশি অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
 

আরও পড়ুন

×