বর্জ্য স্থানান্তর কেন্দ্রগুলোর সৌন্দর্যবর্ধন করবে ডিএসসিসি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ২০:২৩ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ | ২০:২৫
রাজধানীর অন্তর্বর্তী বর্জ্য স্থানান্তর কেন্দ্রগুলোকে (এসটিএস) সৌন্দর্যমণ্ডিত করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের (শাজাহানপুর) এসটিএসের সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন সংস্থার প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পর্যায়ক্রমে অন্যগুলোকেও এভাবে সজ্জিত করা হবে।
ডিএসসিসি মনে করে, বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পরিবেশের উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, প্রত্যেক ব্যবসাপ্রতিষ্ঠানকে নিজস্ব ডাস্টবিনে বর্জ্য সংরক্ষণ করতে হবে এবং নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের অংশ পরিচ্ছন্ন রাখতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলা থেকে বিরত থাকলে নগর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও বহুগুণে কমানো সম্ভব হবে। নাগরিক সেবাসংক্রান্ত যেকোনো অভিযোগ সিটি করপোরেশনকে জানালে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের সুরক্ষাসামগ্রী ও নিরাপত্তা উপকরণ বিতরণ করা হয়। এসবের মধ্যে ছিল সেফটি গামবুট, হ্যান্ড গ্লাভস, হেলমেট, সেফটি গগলস, ফার্স্ট এইড বক্স, ওয়ার্নিং কোন, কশন ফ্লোর সাইন এবং হাই-ভিজিবিলিটি ভেস্ট।
এ সময় ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদারসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ডিএসসিসি
- বর্জ্য ব্যবস্থাপনা