ইশরাককে তাপসের সহানুভূতি, চাইলেন সহযোগিতা
রোববার বিকেলে ধানমণ্ডিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শেখ ফজলে নূর তাপস-সংগৃহীত ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৫৪ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৫৭
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদের পরাজিত বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে সহানুভূতি জানিয়ে ঢাকার উন্নয়ন কাজে তার সহযোগিতা চেয়েছেন নব নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস।
তাপস বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গ নিয়ে কাজ করতে চাই। বিশেষ করে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ও পরাজিত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে সহানুভূতি ও শুভেচ্ছা জানাই। উন্নয়ন কাজে তারও সহযোগিতা কামনা করি।
বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হওয়ার পর রোববার বিকেলে ধানমণ্ডিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
নতুন এই মেয়র বলেন, এ বিজয় তিনি ঢাকাবাসীর জন্য উৎসর্গ করছেন। জনগণের অভূতপূর্ব সাড়ায় তিনি অভিভূত। জনগণ রায় দিয়েছেন, তাদের ম্যান্ডেট নিয়ে তিনি দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে একটি উন্নত ঢাকা গড়ার কাজে হাত দেবেন।
এক প্রশ্নের জবাবে ফজলে নূর তাপস বলেন, প্রিয় ঢাকাবাসী পহেলা ফেব্রুয়ারির নির্বাচনে যে রায় দিয়েছেন, তার বিরুদ্ধে বিএনপি হরতাল দিয়েছে। এটা দুঃখজনক। ঢাকাবাসীর রায়ের প্রতি তাদের সম্মান জানানো উচিত ছিল। জনগণের রায়কে অসম্মান করার অধিকার কারো নেই।
নির্বাচনী নৌকা প্রতীকের বিজয়ের জন্য আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন জানিয়ে তিনি বলেন, তাদের প্রতি অনুরোধ সোমবারের মধ্যে পোস্টার, ব্যানার ও ফেস্টুনসহ সব প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে হবে। নির্বাচনে অংশ নেওয়া বিজয়ী ও পরাজিত সব প্রার্থীর প্রতিও একই অনুরোধ জানান তিনি।
- বিষয় :
- ফজলে নূর তাপস
- মেয়র
- নির্বাচন
