শওকত আজিজ পুনরায় বিটিএমএ সভাপতি
শওকত আজিজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩০
| প্রিন্ট সংস্করণ
বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল। এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলাম, চৈতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম ও পূর্বাণী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম সরকার। গত বৃহস্পতিবার দায়িত্ব বুঝে নিয়েছে নতুন কমিটি। ২০২৫-২৭ মেয়াদে সংগঠনটির দায়িত্ব পালন করবেন তারা।
গত বছর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ১১ আগস্ট বিটিএমএর পরিচালন পর্ষদের সভায় সব সদস্যের সম্মতিতে সভাপতির দায়িত্ব পান শওকত আজিজ রাসেল। এর আগে তিন মেয়াদে বিটিএমএর সহসভাপতি এবং এক দশক ধরে সংগঠনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
গত ৯ ডিসেম্বর বিটিএমএএর দ্বিবার্ষিক পর্ষদের নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য ছিল। নির্বাচনী তপশিল অনুযায়ী মনোনায়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গত ২৫ নভেম্বর। তবে একজন সভাপতি, তিনজন সহসভাপতি, ২৩ পরিচালকসহ মোট ২৭টি পদের কোনোটিতে প্রতিদ্বন্দ্বী পাওয়া
যায়নি। এ অবস্থায় নির্বাচনী বিধি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। রাজধানীর গুলশান কার্যালয়ে বিটিএমএর কার্যালয়ে সম্প্রতি নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সংগঠনের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন।
নির্বাচিত পরিচালকরা হচ্ছেন– বাদশা মিয়া, সাজিদ ইসরাক, মো. তানভীর খান, মো. শাহিদ আলম, মো. খোরশেদ আলম, আফরোজা খানম, রুহুল আমিন, মির্জা আহমেদ ইস্পাহানি, নাইম হোসেন, রুবায়েত হায়দার, সৈয়দ ইশতিয়াক আহমেদ, সানচিয়া চৌধুরী, চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, সৈয়দ ইলিয়াস শিরাজী, সৈয়দ রেজওয়ানুল হক, মো. কাওসার হোসেন, নূরে-ইয়াসমিন ফাতেমা, নাদিরুজ্জামান খান, বি এম শোয়েব, মো. মিজানুর রহমান, মো. সোহেল খান, মাহবুবুর রহমান ও মতিউর রহমান। এদের মধ্যে ১০ জন নতুন পরিচালক। নির্বাচনী বিধি অনুযায়ী দুবারের বেশি পদে থাকায় গত পর্ষদের ১৬ জন পরিচালক এবার বাদ পড়েছেন।
- বিষয় :
- সভাপতি
