বিএফআইইউর নতুন প্রধান ইখতিয়ার উদ্দিন
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ১৭:২০ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ | ১৯:২৫
আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান হিসেবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে নিয়োগ দিয়েছে সরকার। তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে দুই বছর।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালনরত ইখতিয়ার উদ্দিন মামুন অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সব ধরনের কর্ম-সম্পর্ক পরিত্যাগ করে সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।
৯ সেপ্টেম্বর বিএফআইইউ প্রধান এএফএম শাহীনুল ইসলামের নিয়োগ বাতিল করে সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার জেরে নৈতিকস্খলনজনিত কারণে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে দীর্ঘদিন পদটি শূন্য ছিল। এ সময় সংস্থাটির দৈনন্দিন কার্যক্রম ভারপ্রাপ্ত ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছিল। মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে দেশের কেন্দ্রীয় সংস্থা হিসেবে বিএফআইইউর নেতৃত্বপূর্ণ পদে স্থায়ী নিয়োগের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল।
আন্তর্জাতিক সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)-এর মানদণ্ড বাস্তবায়ন, আর্থিক লেনদেনের ঝুঁকি বিশ্লেষণ এবং বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য বিনিময় জোরদারে বিএফআইইউর কার্যকর নেতৃত্ব গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। নতুন প্রধান কর্মকর্তা নিয়োগের মাধ্যমে এ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
- বিষয় :
- বিএফআইইউ
