আন্তঃমন্ত্রণালয় কমিটি পুনর্গঠন
বছরে অন্তত একবার বাড়বে সামাজিক নিরাপত্তার ভাতা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬ | ০৭:৩৪
| প্রিন্ট সংস্করণ
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বছরে অন্তত একবার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। চলতি অর্থবছর থেকে এ উদ্যোগ বাস্তবায়নে বিষয়টি পর্যালোচনার জন্য আন্তঃমন্ত্রণালয় কার্যকরী কমিটি পুনর্গঠন করেছে সরকার। গত বছরের অক্টোবরে গঠিত ৯ সদস্যের কমিটিকে সম্প্রসারণ করে এবার ১২ সদস্যের নতুন কমিটি গঠন করে সম্প্রতি অফিস আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে নতুন করে কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তর অন্তর্ভুক্ত করা হয়েছে।
কার্যপরিধি অনুযায়ী কমিটি ছয়টি কর্মসূচিকে এ পদ্ধতিতে পর্যালোচনা করবে। এর মধ্যে রয়েছে– সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বয়স্কভাতা কার্যক্রম, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এবং অনগ্রসর জনগোষ্ঠীগুলোর জীবনমান উন্নয়ন কার্যক্রম। এ তালিকায় আরও রয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মা ও শিশু সহায়তা কর্মসূচি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচি।
নতুন কমিটির সভাপতি করা হয়েছে অর্থ বিভাগের অতিরিক্ত সচিবকে (বাজেট ও সামষ্টিক অর্থনীতি)। আগের কমিটির সঙ্গে যুক্ত মন্ত্রিপরিষদ বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পাশাপাশি এবার যুক্ত হয়েছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং জাতীয় গৃহস্থালি ডেটাবেজ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে নীতিনির্ধারণে তথ্যভিত্তিক বিশ্লেষণ আরও জোরদার হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
অফিস আদেশে বলা হয়েছে, ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ব্যবহার করে ভাতার হারকে এমনভাবে সমন্বয় করা হবে, যাতে মূল্যস্ফীতি ভাতার পরিমাণকে প্রভাবিত না করে। এ পদ্ধতিতে কমিটি বছরে ন্যূনতম একবার ভাতার হার পর্যালোচনা করবে।
- বিষয় :
- ভাতা
