ভোজ্যতেলের পরিস্থিতি জানতে হঠাৎ কারওয়ান বাজারে বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২৬ | ২০:২০
ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেট এলাকায় বিভিন্ন দোকান ঘুরে তিনি এ তথ্য জানান। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাজারে ভোজ্যতেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে আকস্মিক পরিদর্শনে যান বাণিজ্যমন্ত্রী। সরেজমিন ঘুরে তিনি ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে সরবরাহ ব্যবস্থা ও বাজার পরিস্থিতির খোঁজ-খবর নেন। এ সময় খুচরা বিক্রেতারা জানান, ভোজ্যতেলের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। ডিলারদের পক্ষ থেকেও সরবরাহ বেড়েছে বলে জানানো হয়। পাঁচ লিটার বোতলজাত তেলের চাহিদা বেশি উল্লেখ করে ব্যবসায়ীরা জানান, ক্রেতাদের খোলা তেলের পরিবর্তে বোতলজাত তেলের প্রতি আগ্রহ বেশি।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৭০ থেকে ৯৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আগের সরবরাহ করা এক ও দুই লিটার বোতলজাত তেল যথাক্রমে ১৯৫ টাকা ও ৩৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। মন্ত্রী সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন। ক্রেতারা জানান, বাজারে তেল পাওয়া যাচ্ছে এবং সরবরাহ পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে।
পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিবিড়ভাবে কাজ করছে। ইতোমধ্যে সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়েছে। ডিলার ও কোম্পানিগুলোর সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে মূল্য সমন্বয় করতে হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশেও তা সমন্বয় করে কমানো হবে।
তিনি বলেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।
বাজার পরিদর্শনের সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান, জাতীয় ভোক্তা অধিকার-সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
