ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আবাসন খাতে দীর্ঘমেয়াদি নীতি সহায়তা জরুরি

আবাসন খাতে দীর্ঘমেয়াদি নীতি সহায়তা জরুরি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ০৭:৩৮

| প্রিন্ট সংস্করণ

বিভিন্ন নীতিগত জটিলতা, উচ্চ নির্মাণ ব্যয় ও অর্থায়ন সংকটে দেশের আবাসন খাত চ্যালেঞ্জের মুখে রয়েছে। আবাসন খাতকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে হলে দীর্ঘমেয়াদি নীতি সহায়তা এবং সহজ শর্তে অর্থায়নের সুযোগ বাড়ানো জরুরি।

গতকাল মঙ্গলবার রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নবনির্বাচিত কমিটির নেতারা গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল সংগঠনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। রিহ্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের আবাসন খাতের সার্বিক উন্নয়ন, সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিতকরণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্য তুলে ধরেন রিহ্যাবের নবনির্বাচিত নেতারা। এ সময় আবাসন খাতের বর্তমান চ্যালেঞ্জ, বিনিয়োগ পরিস্থিতি এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য আবাসন নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রিহ্যাব নেতারা এ খাতের টেকসই উন্নয়নে সরকারের নীতিগত সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। 

রিহ্যাব সভাপতি আলী আফজাল বলেন, দেশের অর্থনীতিতে আবাসন খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে নানা কারণে এ খাত চ্যালেঞ্জের মুখে রয়েছে। সরকারের কার্যকর সহযোগিতা পেলে আবাসন খাত আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিত করা সম্ভব হবে। 
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, আবাসন খাত দেশের নগরায়ণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকার এ খাতের উন্নয়নে আন্তরিক এবং ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। রিহ্যাবের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি আধুনিক, টেকসই এবং জনবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দীপু) ও গৃহায়ন ও গণপূর্ত সচিব
নজরুল ইসলাম, রিহ্যাবের সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ, এ এফ এম ওবায়দুল্লাহ, ড. হারুন অর রশিদ, পরিচালক তাসনুভা মাহবুব সালাম প্রমুখ।

আরও পড়ুন

×