কারখানা সচল রাখতে বিশেষ নীতিসহায়তা চান উদ্যোক্তারা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ মে ২০২৬ | ০৭:০৫
| প্রিন্ট সংস্করণ
বন্ধ থাকা পোশাক কারখানাগুলো ফের চালুর উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সরকারের এ-সংক্রান্ত তহবিলের সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে কারখানা নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংগঠন দুটির নেতারা। তারা বলেছেন, কোনোভাবেই যাতে অর্থের অপব্যবহার না হয়। একই সঙ্গে বর্তমানে বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রতিকূলতার মুখে টিকে থাকার সংগ্রাম করা কারখানাগুলোকে বিশেষ নীতিসহায়তা দেওয়ার দাবি জানান তারা; যাতে করে কারখানাগুলো বন্ধ হওয়া থেকে রক্ষা পায় এবং লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান সুরক্ষিত থাকে।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদা বৈঠকে এই বিষয়গুলো তুলে ধরেন সংগঠন দুটির নেতারা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী উদ্যোক্তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। শিল্প উৎপাদন ও প্রয়োজনীয় সেবা পাওয়ার ক্ষেত্রে এনবিআর ও ব্যাংকিং-সংক্রান্ত জটিলতার বিষয়গুলো লিখিত আকারে জমা দেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দেশের রপ্তানি খাতে গতি বাড়াতে পণ্যের বহুমুখীকরণের পরামর্শও দেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ম্যান মেইড ফাইবারভিত্তিক পণ্য ও রেশমভিত্তিক পণ্য উৎপাদনে মনোযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। জ্বালানি সমস্যা সমাধানের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
দুই বৈঠকেই উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া।
উদ্যোক্তারা শিল্পের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা তৈরি পোশাকশিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনায় স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণ প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ ও শ্রম আইন সংসদে পাস করা এবং এর আগে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়ায় সরকারপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় বিকেএমইএর পক্ষ থেকে।
বৈঠকে বিজিএমইএর সঙ্গে বৈঠকে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। অন্যদের মধ্যে ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান বাবলু, সহসভাপতিদের মধ্যে রেজোয়ান সেলিম, মিজানুর রহমান, ভিদিয়া অমৃত খান, শিহাব উদ্দোজা চৌধুরী ও মোহাম্মদ রফিক চৌধুরী।
বিকেএমইএর পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, জ্যেষ্ঠ সহসভাপতি অমল পোদ্দার, সহসভাপতি (অর্থ) মোরশেদ সারওয়ার সোহেল, সহসভাপতি মো. শামসুজ্জামান ও ফকির অ্যাপারেলের ফকির কামরুজ্জামান নাহিদ।
প্রসঙ্গত, ব্যবসায়ী সংগঠনগুলো জানিয়েছে, গত তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে, যার প্রভাব পড়েছে রপ্তানি আয় ও কর্মসংস্থানে। এছাড়া পাটকলসহ লোকসানে থাকা বেশ কিছু রাষ্ট্রায়ত্ত কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
এবারের মে দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা ও বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালুর মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পরিপ্রেক্ষিতে বন্ধ থাকা শিল্পকারখানা চালু করতে বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক।
- বিষয় :
- বিজিএমইএ
