ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিজিএমইএর তথ্য

৯৭% কারখানায় ঈদের বোনাস দেওয়া হয়েছে

৯৭% কারখানায় ঈদের বোনাস দেওয়া হয়েছে
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ০৭:২৭

| প্রিন্ট সংস্করণ

ঈদ বোনাস পরিশোধ করেছে ৯৭ শতাংশ পোশাক কারখানা। এ ছাড়া মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে প্রায় ৫৮ শতাংশ কারখানা। এর মধ্যে ৫০ শতাংশ কারখানায় ঈদের ছুটি শুরু হয়েছে। বাকি ২৫১টি কারখানায় আগামীকাল বুধবার বেতন-বোনাস পরিশোধ শেষে ছুটি ঘোষণা করা হবে। তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলে বিজিএমইএর উৎপাদনে থাকা সদস্য কারখানার সংখ্যা ২ হাজার ১২৭। এর মধ্যে ঢাকা অঞ্চলে এ ধরনের কারখানার সংখ্যা ১ হাজার ৭৯৪। বাকি ৩৪০টি চট্টগ্রাম অঞ্চলের কারখানা। 
জানা গেছে, গতকাল পর্যন্ত এপ্রিল মাসের বেতন পরিশোধ হয়েছে শতভাগ কারখানায়। এ ছাড়া চলতি মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে এক হাজার ২৪৩টি কারখানা কর্তৃপক্ষ। অন্যদিকে গতকাল পর্যন্ত ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে ৯৭ দশমিক ৭৯ শতাংশ কারখানায়। এ ধরনের কারখানার সংখ্যা ২ হাজার ৮০। এর মধ্যে ঢাকা অঞ্চলে ঈদ বোনাস দিয়েছে ৯৮ শতাংশের বেশি কারখানা। তবে কিছু কারখানায় এখনও বোনাস ও অগ্রিম বেতন পরিশোধ বাকি রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম অঞ্চলের ৩৪০টি কারখানার মধ্যে এপ্রিলের বেতন পরিশোধ করেছে ৩৩৭টি কারখানা। তবে ঈদ বোনাস ও মে মাসের অগ্রিম বেতন পরিশোধে কিছুটা পিছিয়ে রয়েছে কিছু কারখানা।

ঈদে ঘরমুখী মানুষের যাতায়াতে সড়ক ও মহাসড়কে যাতে যানজট সৃষ্টি না হয় এবং শ্রমিকরা যাতে নির্বিঘ্নে স্বজনদের কাছে গ্রামে পৌঁছাতে পারেন– এ উদ্দেশ্যে কয়েক বছর ধরে পোশাক কারখানাগুলোতে পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন দিনে ছুটি ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী, গত রোববার থেকে পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। ওই দিন ৬ শতাংশ বা ১০৮টি কারখানা ছুটি ঘোষণা করেছে। গতকাল সেমাবার ৩৭ শতাংশ, অর্থাৎ ৬৬৪টি কারখানায় ছুটি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সর্বাধিক ৪৩ শতাংশ কারখানায় ঈদের ছুটি শুরু হচ্ছে। এই শিডিউলে থাকা কারখানার সংখ্যা ৭৭১। বাকি ২৫১টি কারখানায় আগামী বুধবার ছুটি শুরু হবে। সাধারণত প্রতি ঈদে ৭ থেকে ১০ দিন পর্যন্ত পোশাক কারখানা ছুটি থাকে। 

আরও পড়ুন

×