আরও ১০২ কনটেইনার পণ্য নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৭:৫৩
| প্রিন্ট সংস্করণ
আরও ১০২ কনটেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি, যন্ত্রাংশ, কাগজ, ফ্রিজার, জেনারেটর, লাইমস্টোন, কাপড়, ট্রান্সফরমার, কোয়ার্টজ পাউডার, গৃহস্থালি পণ্য ইত্যাদি। এসব পণ্য চালানের নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকছে না। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের কর্ম উপযোগিতা ও সক্ষমতা বাড়ানো, বিদ্যমান কনটেইনার জট নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ রাষ্ট্রীয় সম্পদের অপচয় রােধে চট্টগ্রাম কাস্টমস হাউস অখালাসকৃত ও নিলামযোগ্য বিভিন্ন পণ্য নিষ্পত্তির লক্ষ্যে নিয়মিতভাবে নিলাম আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় জুন মাসে নিলামযোগ্য ১০২ কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। ৪৪ লটে ১০২ কনটেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জাবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় এই নিলাম কার্যক্রম পরিচালিত হবে। ১৮ জুন বেলা ১১টায় ই-অকশনের দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে।
- বিষয় :
- কনটেইনার
