ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নতুন বেতন কাঠামো জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা

নতুন বেতন কাঠামো জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১৩:৩৬ | আপডেট: ১১ জুন ২০২৬ | ১৫:২৩

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেন।  

অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে বলা হয়েছে, সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর যাবত একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই ২০২৬ হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আংশিকভাবে বাস্তবায়নের ষোঘণা থাকলেও আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়তি বরাদ্দ দেখানো হচ্ছে না। প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ মোট ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। 

এর মধ্যে ক্যাডার কর্মকর্তাদের বেতনের জন্য ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা, কর্মচারীদের বেতনের জন্য ৩০ হাজার ৬৭১ কোটি টাকা এবং বিভিন্ন ধরনের ভাতা বাবদ ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে বেতন-ভাতা খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে বেড়ে ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।

তবে সরকার জনপ্রশাসন খাতে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ দিতে পারে, যা চলতি অর্থবছরের মূল বাজেটে বরাদ্দকৃত ৭২ হাজার ২৪ কোটি টাকার তুলনায় ৯৬ শতাংশ বেশি। পরে এ বরাদ্দ সংশোধন করে ৮৬ হাজার ৮৬২ কোটি টাকা নির্ধারণ করা হয়। ফলে সংশোধিত বরাদ্দের তুলনায় নতুন বরাদ্দ প্রায় ৫৫ হাজার কোটি টাকা বেশি।

তবে এই অতিরিক্ত অর্থের পুরোটা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধিতে ব্যয় হবে না। এই বরাদ্দের আওতায় নতুন নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং অবসরপ্রাপ্তদের জন্য অতিরিক্ত সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।

নতুন বেতন স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে তিন অর্থবছর পর্যন্ত সময় লাগতে পারে। এর মধ্যে আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

×