বীমা নিয়ন্ত্রক সংস্থায় প্রথম নারী চেয়ারম্যান
মীর নাদিয়া নিভিন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ০৮:০২
| প্রিন্ট সংস্করণ
দেশের বীমা খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী চেয়ারম্যানের আসনে বসতে যাচ্ছেন। সরকার সংস্থাটির চেয়ারম্যান হিসেবে বিগত অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিনকে নিয়োগ দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) তাঁর নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।
গত মার্চে আইডিআরএর চেয়ারম্যান পদ থেকে ড. আসলাম আলম পদত্যাগ করলে পদটি শূন্য হয়। গত ৫ মে আইডিআরএ চেয়ারম্যান ও সদস্য নিয়োগ আইনের সংশোধন করে গেজেট প্রকাশ করে সরকার। ওই সংশোধনে চেয়ারম্যান ও সদস্যদের বয়সসীমা তুলে দেওয়া হয়। তবে অভিজ্ঞতার শর্ত অপরিবর্তিত রাখা হয়। এরপর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিয়োগ পেতে যাচ্ছেন, তা নিয়ে ব্যাপক আলোচনা চলছিল।
মীর নাদিয়া নিভিন ২০০৬ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালের আগস্টে ইউএনডিপির প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং বাংলাদেশ সরকারের ‘এটুআই’ কর্মসূচিতেও কাজ করেছেন। পাকিস্তান, আফগানিস্তান, মালয়েশিয়া, মিয়ানমারসহ বিভিন্ন দেশে নির্বাচন ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক সংস্কারে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
- বিষয় :
- বীমা
