ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালু

ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালু
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ২১:৪৮

মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং সমাধান সার্ভিসেস লিমিটেড (জিপে) যৌথভাবে একটি কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালু করেছে। ডিজিটাল ওয়ালেটের সুবিধার সঙ্গে কার্ডভিত্তিক লেনদেনের বহুমুখী ব্যবহার নিশ্চিত করে এই উদ্যোগ দেশের ডিজিটাল আর্থিক সেবাকে আরও সহজ, নিরাপদ ও কার্যকর করে তুলবে।

নতুন এই প্রিপেইড কার্ডটি জিপে ওয়ালেটের ব্যালেন্সের সঙ্গে রিয়েল-টাইমে সংযুক্ত থাকবে। ফলে কার্ডধারীরা একই ব্যালেন্স ব্যবহার করে অনলাইন ও সরাসরি—উভয় ধরনের লেনদেন নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবেন। এর মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক।

গ্রাহকদের বিভিন্ন ধরনের পেমেন্ট চাহিদা বিবেচনায় তৈরি করা কার্ডটির মাধ্যমে ই-কমার্স লেনদেন, দোকানে কেনাকাটা, কিউআর পেমেন্ট, এটিএম থেকে নগদ উত্তোলন এবং কন্ট্যাক্টলেস ‘ট্যাপ অ্যান্ড গো’ সুবিধাসহ নানা ধরনের লেনদেন করা যাবে। পাশাপাশি প্রতিটি লেনদেনের রিয়েল-টাইম নোটিফিকেশন ও তাৎক্ষণিক ব্যালেন্স আপডেটের সুবিধা থাকায় ব্যবহারকারীরা সহজেই তাদের আর্থিক লেনদেন পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এমটিবিতে উদ্ভাবন ও গ্রাহককেন্দ্রিক সেবাই আমাদের প্রতিটি উদ্যোগের মূল ভিত্তি। এই অংশীদারত্বের মাধ্যমে আমরা এমন একটি প্রিপেইড সমাধান চালু করেছি, যা ব্যাংকিং সেবা ও ডিজিটাল ওয়ালেটকে এক প্ল্যাটফর্মে এনে গ্রাহকদের আরও বেশি সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করবে।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, বর্তমানে গ্রাহকরা এমন পেমেন্ট অভিজ্ঞতা প্রত্যাশা করেন, যা তাদের ডিজিটাল জীবনধারার সঙ্গে সহজেই সমন্বিত হয়। এই অংশীদারত্বের মাধ্যমে ডিজিটাল ওয়ালেটের সুবিধার সঙ্গে মাস্টারকার্ড নেটওয়ার্কের বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও নিরাপত্তা যুক্ত হয়েছে। ফলে ব্যবহারকারীরা আরও সহজে ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের অর্থ ব্যবস্থাপনা করতে পারবেন।

সমাধান সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, এই কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালুর মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবাকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করাই আমাদের লক্ষ্য। জিপে ওয়ালেটের সঙ্গে কার্ডটি সংযুক্ত হওয়ায় গ্রাহকরা রিয়েল-টাইমে অর্থ ব্যবহার এবং আরও স্বাধীনভাবে লেনদেন করার সুযোগ পাবেন।
তিন প্রতিষ্ঠানের এই অংশীদারত্বের মাধ্যমে একটি সমন্বিত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি ডিজিটাল ও সরাসরি লেনদেনের অভিজ্ঞতার মধ্যে কার্যকর সংযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×