৩১ ভুয়া অ্যাপ চিহ্নিত করেছে বিএফআইইউ
ডিজিটাল ঋণের নামে প্রতারণা
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ০৯:১৮
| প্রিন্ট সংস্করণ
ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে ঋণ আবেদন চেয়ে চটকদার নানা বিজ্ঞাপন দিচ্ছে একটি চক্র। অনুমোদনবিহীন মোবাইল অ্যাপ্লিকেশন, অনলাইন প্ল্যাটফর্ম ও ডিজিটাল মাধ্যমে আবেদন করে প্রতারিত হওয়ার নানা ঘটনা ঘটছে। এ ধরনের ৩১টি ভুয়া মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) চিহ্নিত করে এ বিষয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্কতা জারি করা হয়।
বিএফআইইউ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন, অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক মাধ্যমভিত্তিক গ্রুপ এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমে সহজ শর্তে ও দ্রুত ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে। এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য, মোবাইল ফোনে সংরক্ষিত যোগাযোগের তথ্য, ছবি এবং অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে ঋণ আদায়ের নামে ঋণগ্রহীতাদের ওপর অযাচিত চাপ প্রয়োগ, ভয়ভীতি দেখানো, ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি এবং অতিরিক্ত অর্থ আদায়ের মতো প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে। এর মাধ্যমে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, অনুমোদনবিহীন অর্থ লেনদেন, অতিরিক্ত অর্থ আদায় এবং ঋণ আদায়ের নামে হয়রানির ঘটনা ঘটছে। সাধারণ জনগণের আর্থিক নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার জন্য যা ঝুঁকিপূর্ণ।
বিএফআইইউ বলেছে, এ পর্যন্ত প্রতারণামূলক ৩১টি অ্যাপ চিহ্নিত করা হয়েছে। এ তালিকায় রয়েছে সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোনভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, কেওয়নজা লোন, এসএসএইচ মানি, লোনবাডি, সাথি লোন, ক্যাশহোরা, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি টাকা, ধৈর্য লোন, ফিন ডট ডু, টাকা ক্যাশ লোন, বঙ্গক্যাশ, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও টাকানাও।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের প্রচলিত নিয়ম অমান্য করে ঋণ কার্যক্রম পরিচালনা বৈধ নয়। এ ধরনের ডিজিটাল মাধ্যমে ঋণ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। এ ধরনের প্রতারণামূলক ঋণ কার্যক্রমের মাধ্যমে অর্থ আত্মসাৎ মানি লন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়া থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করা হয়েছে। ঋণের প্রলোভনে কোনো অপরিচিত অ্যাপ্লিকেশন বা প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য, পরিচয়পত্রের তথ্য, ব্যাংক হিসাবের তথ্য বা মোবাইল ফোনের সংবেদনশীল তথ্য না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
অনুমোদনহীন এসব অ্যাপ থেকে ঋণ দেওয়ার নামে অগ্রিম অর্থ, নিবন্ধন ফি, প্রসেসিং ফি বা অন্য উপায়ে অর্থ চাইলেও না দিতে বলা হয়েছে। একই সঙ্গে এ ধরনের অনুমোদনবিহীন প্ল্যাটফর্ম থেকে ঋণ নিয়ে প্রতারিত হলে অথবা এ সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনাকারী কোনো অ্যাপ্লিকেশন অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক মাধ্যমে গ্রুপ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য থাকলে তা বিএফআইইউর ওয়েবসাইটে জানাতে বলা হয়েছে।
- বিষয় :
- বিএফআইইউ