স্ক্র্যাপের নামে পুনর্ব্যবহারযোগ্য অন্য কোনো পণ্য আমদানি নয়
এনবিআরের পরিপত্র
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫৯ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:০৩
| প্রিন্ট সংস্করণ
আমদানি নীতি আদেশের ব্যত্যয় ঘটিয়ে ‘স্ক্র্যাপ’ ঘোষণা দিয়ে অন্য কোনো এইচএইচ কোডের পুনর্ব্যবহারযোগ্য পণ্য আমদানি করা যাবে না। সেটি করলে সংশ্লিষ্ট আমদানিকারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, আমদানি নীতি আদেশ ২০২৬-২৯ সহ আগের আমদানি নীতি আদেশে শিল্পের কাঁচামাল হিসেবে প্রকৃত ব্যবহারকারী ইস্পাত শিল্প প্রতিষ্ঠান তাদের আমদানি ক্ষমতা অনুযায়ী এইচএস হেডিং ৭২.০৪ এবং এর বিপরীতে শ্রেণিবিন্যাসযোগ্য এইচএস কোডের পণ্য স্ক্র্যাপ হিসেবে আমদানি করতে পারে।
এইচএস হেডিং ৭২.০৪-এর আওতাভুক্ত পণ্যগুলোর মধ্যে রয়েছে ঢালাই লোহার ভাঙা অংশ বা বর্জ্য, স্টেইনলেস স্টিল স্ক্র্যাপ, অন্যান্য অ্যালয় স্টিল স্ক্র্যাপ, টিনযুক্ত লৌহ বা ইস্পাত স্ক্র্যাপ, প্রসেসিং ওয়েস্ট অ্যান্ড কটিং, অন্যান্য স্ক্র্যাপ, রি-মেল্টিং স্ক্র্যাপ ইনগট ইত্যাদি।
পরিপত্রে বলা হয়, দেখা যাচ্ছে কিছু আমদানিকারক স্ক্র্যাপ ঘোষণা দিয়ে পুনর্ব্যবহারযোগ্য অন্য এইচএস কোডের পণ্য আমদানি করে থাকেন। সময়ে এসব পণ্য কাস্টমস কর্তৃপক্ষ আটক করলে তা খালাসের জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন সংশ্লিষ্ট আমদানিকারকরা।
গত বছর এ সম্পর্কিত রিটের আদেশে আদালত বলেন, আমদানি নীতি আদেশের ব্যত্যয় ঘটিয়ে এ ধরনের আমদানি আর অনুমোদনযোগ্য না হলে বিষয়টি জনসাধারণকে জানাতে হবে। গত ১ সেপ্টেম্বর আদালত এ বিষয়ে পুনরায় এনবিআরকে একটি পরিপত্র জারির মৌখিক নির্দেশনা দেন।
আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এনবিআর জানিয়েছে, আমদানি নীতি আদেশে উল্লিখিত এইচএস হেডিং ৭২.০৪ এবং এর বিপরীতে শ্রেণিবিন্যাসযোগ্য এইচএস কোডের পণ্যই স্ক্র্যাপ হিসেবে আমদানি করা যাবে। এর বাইরে আমদানি নীতি আদেশের ব্যত্যয় ঘটিয়ে স্ক্র্যাপ ঘোষণা দিয়ে কোনো পুনর্ব্যবহারযোগ্য পণ্য আমদানি করলে সংশ্লিষ্ট আমদানিকারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরিপত্রটি সংশ্লিষ্ট সরকারি দপ্তর, কাস্টমস কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, এফবিসিসিআই, অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং ইস্পাত খাতের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কাছে পাঠানো হয়েছে।
- বিষয় :
- এনবিআর