ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৈদ্যুতিক পণ্য উৎপাদনে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি গ্রুপ 

৮০ জন বিজয়ী পেলেন ৭৮টি মোটরসাইকেল ও দুটি ফ্রিজ

বৈদ্যুতিক পণ্য উৎপাদনে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি গ্রুপ 
×

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে মোটরসাইকেল ও ফ্রিজ তুলে দেওয়া হয়

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৩৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৩৬

বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে একটি আধুনিক কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে। সেখানে লাইটিংস, সুইচ-সকেট, সার্কিট ব্রেকার, ফ্যান ও কেবলসসহ বিভিন্ন পণ্য উৎপাদন করা হবে। রোববার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার, ২০২৬ বিজয়ী সংবর্ধনা ও উদযাপন’ অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক বলেন, এমইপি বাংলাদেশের অন্যতম পুরোনো বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নতুন বিনিয়োগ ও আধুনিক কারখানা উন্নতমানের ও বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে সহায়তা করবে। এতে দেশে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়বে। 

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য বিক্রয়কারীদের মধ্যে ৮০ জন বিজয়ীর হাতে ৭৮টি মোটরসাইকেলের চাবি ও দুটি ফ্রিজ তুলে দিয়ে এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, খুচরা বিক্রেতা, পরিবেশক, ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের সঙ্গে বাজার আরও বিস্তৃত করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, নতুন কারখানায় উৎপাদন সক্ষমতা, পণ্যের গুণগত মান ও বৈচিত্র্য বৃদ্ধি, প্রযুক্তি, উদ্ভাবন ও বাজার সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এমইপিকে দেশের বৈদ্যুতিক পণ্য খাতের অন্যতম বড় বাজার-অবদানকারী প্রতিষ্ঠানে পরিণত করা হবে।  

গ্রুপটির পরিচালক শকিল আলম চাকলাদার বলেন, অল্প সময়ের মধ্যে নতুন কারখানায় উৎপাদিত পণ্য বাজারে আসবে। সেজন্য অংশীদার-গ্রাহকদের সঙ্গে নতুন পণ্যের বিপণন নেটওয়ার্ক গড়ে তুলতে খুচরা বিক্রেতা, পরিবেশক ও ব্যবসায়িক অংশীদারদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে। এমইপি অ্যাকসেসরিজের বিশেষ এই অফার আগামী অক্টোবর হতে ডিসেম্বর পর্যন্ত চলবে।

এমইপি গ্রুপ জানিয়েছে, মিরসরাইয়ে ১০ একর জমিতে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে বৈদ্যুতিক পণ্য উৎপাদনের কারখানা নির্মাণ করবে। আধুনিক প্রযুক্তিনির্ভর এ প্রকল্পটি উৎপাদন, পণ্যের উদ্ভাবন, কর্মসংস্থান এবং দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটির মতে, এটি বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য খাতে একটি যুগান্তকারী উদ্ভাবনী প্রকল্প হয়ে উঠতে পারে।

অনুষ্ঠানে বিজয়ীদের স্বীকৃতি প্রদান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি এমইপি পণ্যের প্রদর্শনী এবং ব্যবসায়িক মতবিনিময়ের আয়োজন করা হয়। গুণগত মান, নিরাপত্তা, প্রযুক্তিগত উৎকর্ষ ও গ্রাহকের আস্থাকে ভিত্তি করে এমইপি গ্রুপ নতুন কারখানার মাধ্যমে বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য বাজারে আরও বড় ও টেকসই অবদান রাখতে চায়। অনুষ্ঠানে এমইপি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, পরিবেশক, খুচরা বিক্রেতারা উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×