ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আর্মি স্টেডিয়ামে কোক স্টুডিও বাংলা কনসার্ট

আর্মি স্টেডিয়ামে কোক স্টুডিও বাংলা কনসার্ট
×

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২২ | ১২:০০

প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হয়েছে কোক স্টুডিও বাংলা। নতুন সংগীতায়োজনে জনপ্রিয় বাংলা গানগুলো প্রকাশ করে এরই মধ্যে সাড়া ফেলেছে অনলাইন এই প্ল্যাটফর্মটি। বাংলা গানে নিয়ে এসেছে নতুন স্বাদ। এ পর্যন্ত কোক স্টুডিও বাংলায় প্রকাশ হয়েছে পাঁচটি গান। এগুলো হলো- 'নাসেক নাসেক', 'প্রার্থনা', 'বুলবুলি', 'ভবের পাগল' ও 'চিলতে রোদ'। এরই মধ্যে অনিমেষ রায় আর রিপনের মতো প্রতিভাবান শিল্পীর দেখা পাওয়া গেছে এই প্ল্যাটফর্মের হাত ধরে। সামনে আরও অনেক প্রতিভাবান শিল্পীর দেখা পাওয়া যাবে এই মাধ্যমে। যাঁরা কোক স্টুডিও বাংলার গান দিয়েই নতুন করে পরিচিতি পাবেন। একদিন কোক স্টুডিও বাংলার প্রকাশ হওয়া প্রতিটি গান ধারণ করা হয়েছিল স্টুডিওর ভেতরে। এবার সেই গানগুলো দর্শকের সামনে সরাসরি গেয়ে শোনাবেন শিল্পীরা। জানা গেছে, বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে আগামী ৯ জুন ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি কনসার্ট। 'কনসার্ট হবে ম্যাজিক্যাল' স্লোগানে আয়োজিত গানের এ আসর চলবে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত। এই আয়োজনেই থাকছে কোক স্টুডিওর শিল্পীদের পাশাপাশি দেশের জনপ্রিয় সব শিল্পীর পরিবেশনা।
আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ নগর বাউল জেমস বলে জানান আয়োজকরা। করোনার প্রাদুর্ভাব কমার পর আবারও বড় কনসার্টে গাইতে যাচ্ছেন জেমস। এ ছাড়াও একই মঞ্চে থাকবে ওয়ারফেইজ, নেমেসিস, লালন ব্যান্ড, ইন্ট্রোইট, জালালি সেট, শায়ান চৌধুরী অর্ণব ও রিপন, অনিমেষ রায় ও পান্থ কানাই, মিজান, মমতাজ, ঋতুরাজ ও নন্দিতার পরিবেশনা।
এই আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে পান্থ কানাই বলেন, 'কোক স্টুডিও কনসার্ট মানেই বড় কোনো আয়োজন। শুরু থেকেই স্টুডিওর ভেতরে ধারণ করা গানগুলো শ্রোতারা বেশ গ্রহণ করেছেন। এবার সামনে সরাসরি কোক স্টুডিও বাংলার গানগুলো শ্রোতাদের কাছে নিয়ে যাবেন শিল্পীরা। আশা করছি, জমজমাট একটি পরিবেশনা উপহার পাবেন শ্রোতারা।' মিজান বলেন, "কোক স্টুডিও বাংলায় মমতাজ আপার সঙ্গে 'প্রার্থনা' গানটি করেছিলাম। সেই গানটিই গাইব আর্মি স্টেডিয়ামের কনসার্টে। ভাবতেই ভালো লাগছে। আশা করছি গানটি শ্রোতাদের মন ভরাবে।" প্রথম বড় কোনো কনসার্টে গান গাওয়ার সুযোগ হওয়ায় উচ্ছ্বসিত অনিমেষ রায়। তিনি বলেন, 'টুকিটাকি গানবাজনা করলেও কোক স্টুডিও আমাকে নতুনভাবে শ্রোতাদের কাছে পরিচিত করেছে। শ্রোতারাই আমার গানের প্রাণ। কোক স্টুডিও বাংলার প্রথম গানটি এখন শ্রোতাদের মুখে মুখে। কনসার্টেও গানটি শ্রোতাদের মন জয় করবে বলে আশা করছি।' কোক স্টুডিও বাংলার এ কনসার্ট উপভোগ করতে হলে প্রথমেই রেজিস্ট্র্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ফিফা স্পেশাল কোকা-কোলার লেবেল খুলে কিউআর কোড স্ক্যান করতে হবে। কোকা-কোলার ৪০০, ৫০০ বা ৬০০ মিলির যে কোনো তিনটি বোতলের ক্যাপের নিচের তিনটি ইউনিক কোড দিতে হবে। তাহলেই সম্পন্ন হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। পেয়ে যাবেন বিশেষ পাস। কোক স্টুডিও বাংলার এই কনসার্ট উপভোগের পাশাপাশি ফিফার আসল ট্রফির সঙ্গে ছবিও তোলা যাবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আরও পড়ুন

×