টিজারে রহস্যময় ‘জ্বীন’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:২৫ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:২৭
প্রকাশ পেলো ভৌতিক গল্পের ছবি ‘জ্বীন’ এর ৫০ সেকেন্ডের টিজার। যে টিজারে কয়েকটি লোমহর্ষক ও ভৌতিক দৃশ্য চোখে পড়লো দর্শকদের। এতেই জ্বীন হয়ে দেখা দিয়েছেন পূজা চেরি।
এই ‘জ্বীন’ ছবির মাধ্যমে বহুদিন পর আবারও সিনেমায় অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুর নূর সজল। নাদের চৌধুরী পরিচালিত ছবিটিতে পূজা চেরির নায়ক তিনি। এতে আরও আছেন চিত্রনায়ক রোশান ও নবাগত মুন।
সোমবার সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল চ্যানেলে প্রকাশিত হয়েছে সজলের সেই ‘জ্বীন’ ছবির টিজার। ‘সাইন্সের ব্যাখ্যা যেখানে শেষ, ধর্মের ব্যাখ্যা সেখান থেকেই শুরু। কোরআন যদি বিশ্বাস করো, তাহলে জ্বীন আছে এ কথাও বিশ্বাস করতে হবে’- এমন সংলাপ শোনা গেছে ‘জ্বীন’-এর টিজারে। টিজার দেখে সবাই এখন অপেক্ষায় ছবি মুক্তির জন্য। পরিচালক জানালেন আগামী ১৩ মার্চ মুক্তি পাবে ‘জ্বীন’।
এর আগে জ্বীন ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। পরে মুক্তির তারিখ পিছিযে আনা হয় মার্চে। কারণ ছবিটিাতে ভিএফএক্সের কাজ শেষ করতে বেশ সময় লাগে বলে জানন পরিচালক। ‘জ্বীন’-এর ভিএফএক্সের কাজ হয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টে।
