ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

নকআউটের আগে স্পেনে ইনজুরি আতঙ্ক

নকআউটের আগে স্পেনে ইনজুরি আতঙ্ক
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৩:১৫

উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশ নিশ্চিত করেছে স্পেন। তবে জয়ের আনন্দের মাঝেই বড় দুশ্চিন্তায় পড়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। ইনজুরিতে পড়েছেন দুই উইঙ্গার ইয়েরেমি পিনো ও নিকো উইলিয়ামস। এর মধ্যে পিনোর কাঁধের চোট এতটাই গুরুতর যে, তার বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ম্যাচের শেষ দিকে কাঁধে চোট পান পিনো। তখন স্পেনের সব বদলি শেষ হয়ে যাওয়ায় তীব্র ব্যথা নিয়েই ম্যাচ শেষ করতে হয় তাকে। অন্যদিকে ইনজুরি কাটিয়ে ফেরা নিকো উইলিয়ামস শেষ ১৫ মিনিট খেললেও পেশিতে অস্বস্তি অনুভব করেন। এতে তার পুরোনো চোট আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

দুই উইঙ্গারের ইনজুরিতে স্পেনের আক্রমণভাগে সংকট আরও গভীর হয়েছে। লামিন ইয়ামালও হ্যামস্ট্রিং চোটের কারণে গত দুই মাস ধরে পুরো ৯০ মিনিট খেলতে পারছেন না। এ ছাড়া পেশির চোটে ভুগছেন ভিক্টর মুনোজ, যিনি এখনও এবারের বিশ্বকাপে মাঠেই নামতে পারেননি।

ম্যাচ শেষে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘নিকোর চোট খুব গুরুতর নয়। এটি হয়তো ক্লান্তি বা পেশিতে টান। তবে আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে ইয়েরেমি পিনো। তার চোট গুরুতর বলেই মনে হচ্ছে। সম্ভবত এই বিশ্বকাপে তাকে আর পাওয়া যাবে না।’

উরুগুয়ের বিপক্ষে কঠিন লড়াই নিয়েও কথা বলেন স্প্যানিশ কোচ। তার ভাষ্য, ‘ম্যাচটি শারীরিক ও মানসিক, দুই দিক থেকেই আমাদের কঠিন পরীক্ষা নিয়েছে। প্রতিপক্ষ বারবার উসকানি দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমার খেলোয়াড়রা মাথা ঠান্ডা রেখেছে।’

গ্রুপ 'এইচ' চ্যাম্পিয়ন স্পেন শেষ বত্রিশে খেলবে লস অ্যাঞ্জেলেসে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রিয়া অথবা আলজেরিয়া।

আরও পড়ুন

×