ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১১:৩০ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ১২:০৬

ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল করে উল্লাসে মেতে উঠেছিল ইরান। কিন্তু অফসাইডের কারণে শেষ মুহূর্তে গোলটি বাতিল করে দিলেন রেফারি। আর তাতে প্রথম দুই ম্যাচের ন্যায় গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচেও ড্র করে মাঠ ছেড়েছে দলটি। শনিবার সকালে সিয়াটলে মিসরের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ইরান।

ইরানের বিপক্ষে ড্র করে জি গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটের টিকিট নিশ্চিত করেছে মিসর। নকআউটে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অপর ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপের সেরা দল হিসেবে শেষ বত্রিশে পা রেখেছে বেলজিয়াম।

অন্যদিকে মিসরের সঙ্গে ড্র করায় অপেক্ষা বেড়েছে পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে থাকা ইরানের। তিন ম্যাচেই ড্র করা দেশটির ভাগ্য ঝুলে রয়েছে আগামীকাল গ্রুপপর্বের বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর।

শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করতে জয়ের বিকল্প না থাকায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে ইরান। তবে ম্যাচ শুরুর ৫ মিনিটের মধ্যে লিড পেয়ে যায় মিসর। ইরানের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে আক্রমণ সাজান তারকা মোহাম্মদ সালাহ। তার নেওয়া শট ইরানের গোলরক্ষক প্রতিহত করলেও ফিরতি বলে জাল খুঁজে নেন মোস্তফা সাবের। 

তবে মিসরের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ইরান। বিদায়ের শঙ্কায় থাকা ইরান সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। দ্রুত ঘুরে দাঁড়িয়ে ধারাবাহিক আক্রমণের ফলও পেয়ে যায় তারা। ৯ মিনিটের ব্যবধানে ইরানকে সমতায় ফেরান রামিন রেজাইয়ান। ম্যাচের ১৪ মিনিটে মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের মিলাদ মোহাম্মদীর শট আটকে দিলেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বলে দারুণ শটে গোল করেন রামিন।

সমতায় ফেরার কয়েক মিনিট আগেই অবশ্য পেনাল্টি পেয়েছিল ইরান। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মেহেদী তারেমি। এর ফলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

এদিকে দুই দল সমতায় ফেরার পর লড়াই আরও জমে ওঠে। দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও আর কোনো দল গোলের দেখা পায়নি। এর মধ্যে এগিয়ে যাওয়ার কয়েকটি সুযোগ পেয়েছিল ইরান। কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি।

৮৯ মিনিটে তারেমির শক্তিশালী হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর যোগ করা সময়ে খলিলজাদেহ বল জালে জড়িয়ে ইতিহাস গড়ার আনন্দে মেতে উঠেছিল ইরান। কিন্তু অফসাইডের সিদ্ধান্তে গোলটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। এরপরও সুযোগ এসেছিল। ম্যাচের অন্তিম মুহূর্তে এজাতোলাহির নেওয়া শটও ক্রসবারে লেগে ফিরে আসে। 

আরও পড়ুন

×