নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপসেরা হয়ে নকআউটে বেলজিয়াম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১১:১৮ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ১১:৫৪
বিশ্বকাপে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না। সেই ম্যাচেই নিজেদের চেনা রূপে ফিরল বেলজিয়াম। নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শুধু শেষ বত্রিশই নিশ্চিত করেনি, গ্রুপ 'জি'-এর চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি।
ভ্যাঙ্কুভারে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বেলজিয়াম। একের পর এক আক্রমণে চাপে ফেলে নিউজিল্যান্ডকে। ১২তম মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার্ডের শট ক্রসবারে লেগে ফিরে এলে অল্পের জন্য এগিয়ে যাওয়া হয়নি। মিনিটখানেক পর কেভিন ডি ব্রুইনাও সুযোগ নষ্ট করেন। ২০তম মিনিটে পেনাল্টিও পেয়েছিল বেলজিয়াম। তবে ভিএআরের পর সিদ্ধান্ত বদলে দেন রেফারি।
তবে গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ২৮তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলার সুযোগ কাজে লাগিয়ে দলের হয়ে প্রথম গোল করেন ত্রোসার্ড। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও মাঠে আধিপত্য ছিল পুরোপুরি বেলজিয়ামের।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে রুডি গার্সিয়ার দল। ৫০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ত্রোসার্ড। এরপর ৬৬তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে স্কোরলাইন ৩-০ করেন ডি ব্রুইনা।
৮৪তম মিনিটে এলিজা জাস্ট একটি গোল শোধ করে নিউজিল্যান্ডকে সামান্য আশা দেখালেও সেই আশা টিকতে দেয়নি বেলজিয়াম। বদলি হিসেবে নেমে মাত্র ১০ মিনিটের মধ্যেই নিজের ছাপ রাখেন রোমেলু লুকাকু। ৮৬তম মিনিটে কর্নার থেকে হেডে দলের চতুর্থ গোল করেন তিনি। যোগ করা সময়ে দূরপাল্লার জোরালো শটে পঞ্চম গোলটি করেন আলেক্সিস সেলেমেকার্স।
শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। জোড়া গোল করেন লিয়ান্দ্রো ত্রোসার্ড। একটি করে গোল করেন কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু ও আলেক্সিস সেলেমেকার্স।
তিন ম্যাচ শেষে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে বেলজিয়াম। অন্যদিকে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকেই বিশ্বকাপ শেষ করতে হলো নিউজিল্যান্ডকে।
রাউন্ড অব ৩২-এ বেলজিয়ামের প্রতিপক্ষ হবে তৃতীয় হওয়া সেরা দলগুলোর একটি। আর গ্রুপ রানার্সআপ মিসর খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
- বিষয় :
- নিউজিল্যান্ড
- বেলজিয়াম
- বিশ্বকাপ ফুটবল
