'চাইলেও সিনেমায় ব্যস্ত থাকা সম্ভব নয়, তাই চাকরি নিয়েছি'
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩ | ১২:২০ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ | ১২:২৮
আইরিন সুলতানা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও থিতু হয়েছিলেন সিনেমায়। অনেক দিন বড় পর্দায় তাঁকে দেখা যায়নি। ব্যস্ত আছেন টিভি শো নিয়ে। ঈদের কাজের পরিকল্পনাও করছেন তিনি। কথা হলো তাঁর সঙ্গে–
অনেক দিন নতুন সিনেমার কোনো কাজের খবর নেই...
আমি প্রচারবিমুখ মানুষ। ঢাকঢোল পিটিয়ে কাজের খবর দিতে ভালো লাগে না। হ্যাঁ, এটি সত্যি যে হাতে নতুন সিনেমা নেই। সে রকম গল্প ও চরিত্র পাচ্ছিলাম না বলে সিনেমার কাজে দেখা যায়নি। চলতি মাসে বেশ কয়েকটি টিভি শো নিয়েই ব্যস্ততা গেছে। আরটিভির ছয় পর্বের ইফাদ মজাদার ইফতার, একই চ্যানেলে ঈদের কেনাকাটা নিয়ে অনুষ্ঠান, বাংলাভিশনে রান্নাবিষয়ক আয়োজন, জিটিভির ফ্যাশন ও লাইফস্টাইল-বিষয়ক অনুষ্ঠান, টি স্পোর্টস চ্যানেলের একটি শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলাম। দারুণ ছিল সবকটি আয়োজন। এ ছাড়া কয়েকটি ফ্যাশন হাউসের ফটোশুটের কাজ করছি।
অনেকেই বলছেন অভিনয় ছেড়ে দিয়েছেন...
এ রকম প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয়। অভিনয় ছাড়ার কথা কখনোই বলিনি। অভিনয়ে আমি অনিয়মিত, এতে লুকোচুরির কিছু নেই। কারণ, অভিনয়ের পাশাপাশি চাকরি করছি। ৯টা-৫টার চাকা ঘোরাতে হয়। এক বছর হলো চাকরি নিয়েছি। ক্যারিয়ারের শুরুতে অনেকের কাছে শুনতে হয়েছিল, মডেলিং থেকে আসা মেয়েকে দিয়ে অভিনয় হবে না। কখনও হাল ছাড়ি না। নিন্দুকের কথায়ও কান দিইনি। আর সিনেমার অবস্থা বেশি ভালো নয়। হলগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। বাজেটও কম। চাইলেও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকা সম্ভব নয়। সিনেমায় খুব বেশি কাজ করতে হবে– তা আমি মনে করি না। সংখ্যায় কম হলেও ভালো কাজ করতে চাই। সময়-সুযোগ হলে আবার পুরোদমে কাজে ফিরব।
নাটকে অভিনয়ে কথা শুনেছিলাম...
একটি ধারাবাহিকে প্রস্তাব পেয়েছিলাম। লম্বা শিডিউল দেওয়া সম্ভব নয় বলে প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। আর সে কারণে অনেকেই ভেবেছেন, ছোট পর্দায় কাজ করতে চাই না। সত্যি বলতে, আমি ভালো কাজ করতে চাই। সেটা যে কোনো মাধ্যমে হতে পারে।
হাতে থাকা সিনেমার কী খবর?
বুলবুল জিলানীর ‘রৌদ্র ছায়া’, আবু সাইয়ীদের ‘একজন কবির মৃত্যু’, জেসমিন আক্তার নদীর ‘চৈত্রের দুপুর’ এবং পশ্চিমবঙ্গের ‘শিবরাত্রী’র কাজ অনেক আগেই করেছি। এগুলো ধীরে ধীরে মুক্তি পাবে।
- বিষয় :
- আইরিন সুলতানা
- অভিনেত্রী
