চিকিৎসক-নার্সদের জন্য নিজের হোটেল খুলে দিলেন অভিনেতা
ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৬:৩৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনা প্রতিরোধে লকডাউনের সময়সীমা বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন শুরু করেছে রাজ্যগুলি।
ওড়িশা ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে লকডাউনের সময়সীমা। ফলে গোটা দেশ জুড়েও লকডাউনর সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসবের মধ্যেই করোনা আক্রান্তদের সাহায্যে এবং চিকিৎসক, নার্সদের সাহায্য করতে এগিয়ে আসছেন অনেক বলিউড তারকারাই । এ তালিকায় এবার নাম লেখালেন সোনু সোদও।
জিনিউজের প্রতিবেদন বলছে, করোনায় আক্রান্তদের চিকিৎসা করতে যে চিকিৎসক, নার্সরা দিনরাত এক করে দিচ্ছেন, তাদের জন্য মুম্বাইতে নিজের হোটেলের দরজা খুলে দিলেন সোনু।
মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসক-নার্সরা মুম্বাইতে রোগীদের চিকিৎসা ও সেবা করছেন। কেউ কেউ সময়ের অভাবে বাড়ি ফিরে ন্যূনতম অবসরও নিতে পরছেন না। ওইসব চিকিৎসক এবং নার্সরা যাতে বিশ্রাম করতে পারেন, সেই কারণে তাদের জন্য নিজের হোটেলের দরজা খুলে দিয়েছেন দাবাং অভিনেতা।
ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালকে বিষয়টি জানানো হয়েছে। সেখানকার চিকিৎসক এবং নার্সরা যাতে তার হোটেলে হাজির হয়ে বিশ্রাম নিতে পারেন, সেই ব্যবস্থা ইতিমধ্যেই করে দিয়েছেন বলে জানান বলিউডের এই অভিনেতা।
