ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

এফডিসি রাজনীতির জায়গা নয়: শাকিব খান

এফডিসি রাজনীতির জায়গা নয়: শাকিব খান
×

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন শাকিব খান- সমকাল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০৫:৩২ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ | ০৫:৩৬

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। শুক্রবার বিকেল ৪ টায় এফডিসিতে ভোট দিতে আসেন তিনি।

ভোট প্রদান শেষে শাকিব খান সরাসরি প্রযোজক সমিতির অফিসে আসেন। সেখানে বসেই শাকিব খান ক্ষোভ প্রকাশ করে বলেন, এফডিসি জুড়ে এতো পুলিশ কেন? গেট দিয়ে যখন আমি ঢুকছি আমার সাথে কে, এটা পুলিশকে কেন কৈফিয়ত দিতে হবে? আমার সাথে যেই থাকুক না নিশ্চয়ই তিনি গুরুত্বপূর্ণ কেউ!

তিনি বলেন, এফডিসি আমার ঘর, আমার বাড়ি। এখানে আমি যখন খুশি তখন আসবো। বিগত নির্বাচনে এতো সমস্যা দেখিনি। যা দেখেছি তা উৎসবমুখর পরিবেশ।

শাকিব খান বলেন, সমিতিকে কেউ কেউ রাজনীতির ময়দান বানিয়ে ফেলছেন। রাজনীতির ইচ্ছে থাকলে এফডিসিতে কেন? তিনি বলেন, এফডিসি রাজনীনির জায়গা নয়। এটা হলো সংস্কৃতি চর্চার জায়গা। এখানে নাচ, আবৃতি, গান, অভিনয় এগুলোর চর্চা হবে।

এবার শিল্পী সমিতির নির্বাচনে ৪৪৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ চলে বিকেল ৫ টা পর্যন্ত। এবারের নির্বাচনে প্রথমবারের মতো কোনো নারী প্রার্থী সভাপতি পদে লড়ছেন। তিনি জনপ্রিয় চিত্র নায়িকা মৌসুমী। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এদিকে সভাপতি পদে মিশা-জায়েদ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিশা সওদাগর। বর্তমান শিল্পী সমিতির সভাপতিও মিশা সওদাগর। এই প্যানেলে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল, নানা শাহ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান এবং ইলিয়াস কোবরা।

সাংগঠনিক পদে প্রার্থী হয়েছেন সুব্রত। তার বিপরীতে কোনো প্রার্থী নেই। আন্তর্জাতিক পদে প্রার্থী হয়েছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও নায়ক ইমন। দপ্তর ও প্রচার সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জ্যাকি আলমগীর।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পড়ে লড়ছেন দুইজন। তারা হলেন- জাকির হোসেন ও ডন। কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদ নির্বাচন করছেন একা। তার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী নেই।

কার্যকরী সদস্য পদ রয়েছে ১১টি। এই পদগুলোর জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তারা হলেন- রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, বাপ্পারাজ, আলীরাজ, আফজাল শরীফ, রঞ্জিতা, আসিফ ইকবাল, অলেকজান্ডার বো, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব, শামীম খান ও জেসমিন।

শিল্পীদের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইলিয়াস কাঞ্চন।

আরও পড়ুন

×