বিপাকে বিটিএস তারকা সুগা
দক্ষিণ কোরিয়ার তরুণ গায়ক সুগা
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:৪১
বিটিএসের সদস্য হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার তরুণ গায়ক সুগা। সম্প্রতি এ তারকা বিতর্কের মুখে পড়েছেন। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। মামলাও হয়েছে। চলছে তদন্ত।
বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত রয়েছেন সুগা। চলমান এ বিতর্কের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সুগার চুক্তি বাতিল হতে পারে।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ৬ আগস্ট হাননামের বাড়ি থেকে স্কুটার নিয়ে বের হয়েছিলেন ৩১ বছর বয়সী এ তারকা। পরে স্কুটার থেকে পড়ে যান তিনি। পরে সুগার রক্ত পরীক্ষা করে নির্ধারিত মাত্রার চেয়েও বেশি [শূন্য দশমিক ২২৭ শতাংশ] অ্যালকোহল পাওয়া যায়। দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে কারও রক্তে শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ কিংবা এর বেশি অ্যালকোহল পাওয়া গেলে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়। যার ফলে ইয়ংসন পুলিশ স্টেশনে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে সুগার বিরুদ্ধে মামলা হয়েছে।
গত সপ্তাহে সুগাকে টানা ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। জিজ্ঞাসাবাদে দু’দিন পর রোববার উইভার্সে পোস্ট করা নিজের হাতে লেখা চিঠিতে দুঃখ প্রকাশ করে আইন লঙ্ঘনের কথা স্বীকার করেছেন সুগা।
- বিষয় :
- সংগীতশিল্পী
- বিটিএস
