সব অভিমান ভুলে গেছি: ইমন
মামনুন হাসান ইমন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:৫৪
ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’-এ আজ মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘মায়া’। রায়হান রাফীর এই ছবিতে অভিনয় করেছেন তারকা অভিনেতা মামনুন হাসান ইমন। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত দুটি সিনেমা। নতুন ওয়েব ফিল্ম, ওটিটি অভিষেক ও অন্যান্য বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
ওটিটিতে অভিষেক
মামনুন ইমন; দীর্ঘদিন ধরেই সিনেমায় কাজ করছেন এই তারকা অভিনেতা। তবে বেশ কিছুদিন ধরেই সিনেমায় কাজ কম করছেন। একটি প্রতিষ্ঠানে কর্মরত থাকায় সেভাবে অভিনয়ে মনোযোগীও হতে পারছিলেন না। অফিসিয়াল কাজ নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে তাঁকে। প্রথমবার অনলাইন প্ল্যাটফর্মে ‘মায়া’ ওয়েব ফিল্ম দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। সিনেমায় কাজ করলেও অনলাইন কনটেন্টে এতদিন দেখা যায়নি তাঁকে। এবার একটি ওয়েব ফিল্মের মাধ্যমে অনলাইন জগতে অভিষেক হচ্ছে তাঁর।
ইমন বলেন, ‘আমি চেয়েছি অনলাইন কনটেন্টে যখন কাজ করব, সেটা যেন স্পেশাল কিছু হয়। নিজের চাওয়া অনুযায়ী ওটিটিতে যাত্রা শুরু করতে পেরে ভালো লাগছে। কিছু গল্প থাকে, যেখানে কাজ করার স্বপ্ন থাকে অভিনয়শিল্পীদের। মায়ার গল্পটি আমার কাছে তেমনই। আশা করছি, এ সিনেমায় দর্শক আমাকে ভিন্নভাবে দেখবেন।’
তিনি আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই ওটিটির কাজের জন্য অফার আসছিল। যারা ওটিটিতে কাজ করেন, তারা একটি শ্রেণিতে আবদ্ধ থাকেন। তারা তাদের নিজস্ব কিছু শিল্পী নিয়ে কাজ করেন। সেই দিক থেকে আমার চ্যালেঞ্জ ছিল। আমি ওটিটিতে নতুন। রায়হান রাফী এই সময়ের একজন গুণী নির্মাতা। তাঁর পরিচালনায় ওই চ্যালেঞ্জ জয় করার তাড়না ছিল। একজন শিল্পী দাঁড়াতে হলে ভালো গল্প ও নির্মাতা লাগে। এই কাজটিতে আমি তা পেয়েছি।’

টিজারের ঝলক
সম্প্রতি প্রকাশ পেয়েছে মায়ার টিজার। এতে দেখা গেছে, হঠাৎ করে নিখোঁজ স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন সারিকা। স্বামীর সন্ধান পেতে থানায় যান তিনি। পুলিশ কর্মকর্তা তাঁকে পাল্টা প্রশ্ন করেন, কেন তাঁর স্বামী নিখোঁজ হলো। একটি দৃশ্যে দেখা গেল, ইমনকে জোর করে তোলা হচ্ছে পুলিশ ভ্যানে। স্বামী ছাড়া নারীদের যে ধরনের সমস্যার মুখে পড়তে হয়, তা-ই ফুটে উঠেছে টিজারে। টিজারটি দর্শকের মাঝে সাড়া ফেলেছে দারুণ।
সহশিল্পী যখন সারিকা
পারিবারিক টানাপোড়েন এবং এ সময়ের নারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হওয়া ওয়েব ছবিতে ইমনের বিপরীতে অভিনয় করেছেন সারিকা। দু’জন অনেক কাজ করেছেন একসঙ্গে।
ইমন বলেন, সারিকার সঙ্গে আগে অনেক কাজ করলেও এ সময়ে এসে দু’জনের সঙ্গে দেখা-সাক্ষাৎ কমই হয়েছে। পাঁচ বছর পর সারিকার সঙ্গে এই ছবির শুটিং স্পটে দেখা হয়েছিল। ভাবা যায়! একই মিডিয়ায় কাজ করছি অথচ মাঝের পাঁচ বছরে তাঁর সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ ছিল না। অবশ্য সে সংসার নিয়ে ব্যস্ত ছিল। সহশিল্পী হিসেবে সারিকা অসাধারণ। আমাদের কাজের বোঝাপাড়া খুব ভালো। শুটিং সেটে তাঁর সঙ্গে কাজের ফাঁকে আড্ডা দেওয়ার অনেক পরিকল্পনা ছিল। কিন্তু কাজে দু’জন খুব মনোযোগী থাকার কারণে সে সুযোগ আর হয়ে ওঠেনি।

হাতে থাকা কাজ
ইমনের হাতে বর্তমানে রয়েছে রাজীব কুমার বিশ্বাস ও দেলোয়ার জাহার ঝন্টুর যৌথ পরিচালনায় ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার কাজ। এ ছাড়া অঞ্জন আইচের ‘কানামাছি’ ও লুবনা শারমিনের ‘নলিয়া ছড়ির সোনার পাহাড়’ ছবি দুটি মুক্তির অপেক্ষায় আছে।
ইমন বলেন, ‘সব সময় চেষ্টা করি ভালো গল্পের সিনেমায় কাজ করার। কাজ শেষ হওয়া সিনেমা দুটির গল্প অসাধারণ। দুটি সিনেমা নিয়েই আমি আশাবাদী। চেষ্টা করেছি নতুন ইমনকে তুলে ধরার।
- বিষয় :
- রায়হান রাফী
- মামনুন হাসান ইমন
