তিন উৎসবেই থাকছেন ইমরান, তিন গানের শুটিং নিয়ে যাচ্ছেন থাইল্যান্ডে
নাজনীন নীহা ও ইমরান। ছবি: রাফ
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪ | ১৩:২৩ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ | ১৩:২৩
নতুন তিন গান নিয়ে হাজির হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এরই মধ্যে গান তিনটির সংগীত আয়োজন ও ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে। মিউজিক ভিডিওর শুটিংয়ের পরিকল্পনাও গুছিয়ে এনেছেন তিনি। এগুলো হলো ‘মন বুঝলি না’, ‘শুধু তোমাকে ছাড়া’ ও ‘কথা একটাই’।
ইমরান জানিয়েছেন, ‘মন বুঝলি না’ গানটির কম্পোজিশন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। কথা লিখেছেন আবদার রহমান। ফুয়াদের সঙ্গে যৌথভাবে গানটি প্রযোজনা করছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি প্রযোজক সঞ্জয়। তিনি ভারতীয় অনেক গানেরও প্রযোজক। ‘শুধু তোমাকে ছাড়া’ শিরোনামে গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ মেলাবেন আরও এক নারী শিল্পী। তবে কে গাইবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি। গানের ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হবেন নাজনীন নিহা। ‘কথা একটাই’ গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। গানটিতে ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পড়শী।
জানা গেছে, তিনটি গানের মিউজিক ভিডিওর শুটিং হবে থাইল্যান্ডে। অক্টোবরের মাঝামাঝি সময়ে পুরো টিম নিয়ে থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছেন ইমরান। তিনি বলেন, ‘সামনে তিনটি উপলক্ষ আছে। ইংরেজি নববর্ষ, ভালোবাসা দিবস এবং ঈদ। উপলক্ষ তিনটিকে টার্গেট করেই বড় আয়োজনে তৈরি করা হচ্ছে গানগুলো। নতুন বছর উপলক্ষে ফুয়াদ ভাইয়ের গানটি রিলিজ করার পরিকল্পনা করছি। এবার ভালোবাসা দিবস ও ঈদ একই সময় হবে, তাই ডুয়েট গান দুটি তখন মুক্তি দেব।’ ইমরান আরও বলেন, ইতোমধ্যে সব গানের রেকর্ডিং শেষ হয়েছে। কেবল একটি গানের নারীকণ্ঠ বাকি আছে। মিউজিক ভিডিও শুটিংয়ের আগে সেই কাজ করতে চান তিনি।
ছোটবেলা থেকে গানের সঙ্গে বসবাস করলেও ইমরানকে সবাই চেনেন চ্যানেল আই সেরা কণ্ঠ-২০০৮ আসরের প্রথম রানারআপ নির্বাচিত হওয়ার সুবাদে। ওই বছর ‘ভালোবাসার লাল গোলাপ’ সিনেমায় সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দেন ইমরান। এর পর আরিফিন রুমির হাত ধরে প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন ২০১১ সালে। নাম ‘স্বপ্নলোক’। সংগীতশিল্পী থেকে সংগীত পরিচালক হিসেবেও পরিচিতি পান দ্রুত।
- বিষয় :
- ইমরান মাহমুদুল
- নাজনীন নাহার নীহা
- গান
