রেসলার মার্ক কেরের চরিত্র হয়ে আসছেন ডোয়াইন জনসন
অভিনেতা ডোয়াইন জনসন। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:০৫
রেসলিং দুনিয়া থেকে রূপালি পর্দা সবখানেই দর্শকদের মন জয় করেছেন ‘দ্য রক’-খ্যাত অভিনেতা ডোয়াইন জনসন। এখন পর্যন্ত অ্যাকশনধর্মী চলচ্চিত্রেই তাঁকে বেশি দেখা গেছে। তবে এবার চিরচেনা সেই বৃত্ত ভেঙে হাজির হওয়ার আভাস দিলেন তিনি। জানালেন তাঁর মুক্তি প্রতীক্ষিত নতুন সিনেমা ‘দ্য স্ম্যাশিং মেশিন’ মূলত গল্পনির্ভর।
চলমান ভেনিস চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বেনি সাফদি পরিচালিত এই সিনেমা সম্পর্কে জানালেন এই অ্যাকশন তারকা। যেখানে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট। সিনেমাটি মূলত মার্কিন রেসলার তারকা মার্ক কেরের বায়োপিক। তাঁর চরিত্রেই দেখা যাবে জনসনকে। আর কেরের গার্লফ্রেন্ড ডন স্ট্যাপলসের ভূমিকায় থাকছেন এমিলি।
সংবাদ সম্মেলনে ‘দ্য রক’র পাশেই বসা ছিলেন এমিলি ও বেনি। অভিনেতা তখন জানান, অনেক দিন ধরেই এমন একটি ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন তিনি। বললেন, ‘আমরা তিনজন অনেক দিন ধরেই আলাপ করছিলাম, আমরা সবাই জানি যে আপনি যখন হলিউডে, তখন বক্স অফিস বলে একটা বিষয় আছে। আপনি যখন বক্স অফিসের পেছনে ছুটবেন, তখন বক্স অফিস আরও প্রত্যাশিত কিছু হয়ে উঠতে পারে এবং আপনাকে একটা ক্যাটেগরিতে ফেলে তা কোণঠাসা করে দিবে। আপনি যা করছেন এটাই আপনার পথ এবং হলিউড আপনাকে দিয়ে তা-ই করাতে চায়।’
‘জুমানজি’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, ‘ব্ল্যাক অ্যাডাম’, ‘রেড ওয়ান’ প্রভৃতি অ্যাকশন ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জনসন। এর মধ্যে কিছু ছবি ভালো করেছে, আবার কিছু আশানুরূপ ভালো করতে পারেনি। কিন্তু অভিনেতার মনের মধ্যে আরও ভালো কিছু করার তাগিদ সবসময়ই ছিল তেমনটাই জানালেন তিনি।
দ্য রক বলেন, আমার আকাঙ্ক্ষা বেশ প্রবল। একটা কণ্ঠ যেন বলছিল, ‘যদি আরও কিছু থাকে এবং আমি তা করতেও পারি, তাহলে কী হবে?’ যখন আপনি একটা গণ্ডির ভেতর পড়ে আছেন, তখন আপনার সামর্থ্য সম্পর্কে জানা যোগ করে বলেন, ‘আমি যদি কয়েক বছর পেছনে তাকাই, তখন ভাবতে থাকি যে, আমি কি আমার স্বপ্ন নাকি অন্য কারও স্বপ্নের ভেতর বাস করছি! স্বীকৃতি পাওয়ার কথায় এলে আমার মনে হয় একটা সরলরেখা বরাবর এগোচ্ছি– ভালো, স্থিতিশীল, সবই ভালো, তবে আমি এই অবস্থায় থাকতে চাই না। আমি আমার স্বপ্নে বাস করতে চাই। আমি যা চাই, সেখানে টোকা দিতে চাই। কয়েক বছর যেখান থেকে সরে যাচ্ছিলাম, অবশেষে সেখানে টোকা দেওয়ার সুযোগ এসেছে।
সংবাদ সম্মেলনে দর্শক সারিতে দুই বারের ইউএফসি চ্যাম্পিয়ন মার্ক কের নিজেও উপস্থিত ছিলেন। জনসন অভিনীত বায়োপিকে তাঁর জীবনের নানা দিক উঠে এসেছে বলে জানা যায়। গত সোমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। দীর্ঘ সাড়ে ১৫ মিনিট দর্শকের করতালিতে আবেগে ভাসেন ডোয়াইন জনসনসহ সিনেমাটির সংশ্লিষ্টরা। সব ঠিক থাকলে, চলতি বছরের ৩ অক্টোবর দ্য স্ম্যাশিং মেশিন মুক্তি পাওয়ার কথা রয়েছে।
- বিষয় :
- ডোয়াইন জনসন
- হলিউডের ছবিতে
