সম্পর্ক ভাঙার গল্পে নাটক ‘অনিবার্য কারণবশত’
‘অনিবার্য কারণবশত’ নাটকের দৃশ্যে শাহেদ ও সেতু। ছবি:নির্মাতার সৌজন্যে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫ | ১৮:৩৯
ফোকলোর গবেষক সাইমনের ফোকলোর গবেষণায় সহযোগিতা নিতে গিয়েই তার প্রেমে পড়ে ফোকলোর বিভাগের শিক্ষার্থী জিনিয়া। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয় এবং একসময় তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু নির্ধারিত বিয়ের দিন জিনিয়া হঠাৎ বিয়ে ভেঙে দেয়। জিনিয়ার দেওয়া ‘কারণ’ শুনে হতবাক হয়ে যায় সাইমন। ব্যাপারটি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে। ঠিক এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের নাটক ‘অনিবার্য কারণবশত’।
নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাহমুদ হাসান শিকদার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গভীর সম্পর্ক অনেক সময় খুব ছোট, কিন্তু মানুষের চোখে অদেখা কোনো বিষয়ে ভেঙে যায়। আমরা প্রেম মানে শুধু মিলন ভাবি, কিন্তু বিচ্ছেদও মানুষের অনুভূতির বড় সত্য। নাটকে সেই অদেখা সত্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি।’
এতে সাইমনের চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান। তিনি বলেন, ‘গল্পটি আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে। মাহমুদ হাসান শিকদারের নির্মাণেও ছিল মুনশিয়ানা। শুধু প্রেম ভাঙার কাহিনি নয়, মানুষের সিদ্ধান্ত, সম্পর্কের দায়বদ্ধতা আর মানসিক চাপ– সবই পাওয়া যাবে নাটকে। গল্পে নতুনত্ব আছে। আশা করি, দর্শক তাঁর অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবেন।’
নাটকে আরও অভিনয় করেছেন রেজমিন সেতু, শেখ চাঁদনী, অপু হাসান, আজম খান, বাপ্পাদিত্য, জি এম আজহার প্রমুখ। এটি আজ রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। প্রযোজনা করেছেন মনিরুল হাসান।
- বিষয় :
- বিটিভি নাটক
- শাহেদ শরীফ খান
