ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এন্ড্রু কিশোরের কালজয়ী গানের হুকলাইন ব্যবহার করে ইমরান-ন্যান্সির নতুন গান

এন্ড্রু কিশোরের কালজয়ী গানের হুকলাইন ব্যবহার করে ইমরান-ন্যান্সির নতুন গান
×

নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল। ছবি: সংগৃহীত

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ | ১৩:৩৫ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ | ১৪:১১

বাংলা গানপ্রেমীদের জন্য নতুন বছরে থাকছে বড় চমক। দীর্ঘদিন পর আবারও একত্রে প্লেব্যাক করছেন তারকা কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। অনুপম মিউজিকের বিশেষ আয়োজনে তারা একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’ শিরোনামের নতুন গানে।

কয়েক মাস আগে অনুপম মিউজিক ‘প্রেমের জ্বালা’ সিনেমার জনপ্রিয় গান ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’ নতুন করে প্রকাশ করেছিল। এবার সেই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি নিয়ে আসছে নস্টালজিক আরেকটি গান ‘আমি পাথরে ফুল ফোটাব’এর নতুন সংস্করণ।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘শেষ ঠিকানা’ সিনেমায় প্রথম ব্যবহৃত হয় গানটি। এন্ড্রু কিশোরের কণ্ঠ, মিল্টন খন্দকারের লেখা এবং আলম খানের সুর–সব মিলিয়ে গানটি পেয়েছিল কালজয়ী জনপ্রিয়তা। নতুন ভার্সনে মূল গানের প্রথম দুই লাইন ব্রিজ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাই নাম দেওয়া হয়েছে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’।

নতুন সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গানটি লিখেছেন আহমেদ রিজভী। সম্প্রতি ইমরানের স্টুডিওতে সম্পন্ন হয়েছে গানের রেকর্ডিং। গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইমরান বলেন, ‘‘আমি পাথরে ফুল ফোটাব খুব জনপ্রিয় একটি গান। সেই গানের হুকলাইন ব্যবহার করে নতুনভাবে লেখা ও সংগীতায়োজন করা হয়েছে। সবচেয়ে ভালো লাগার বিষয় অনেক দিন পর ন্যান্সি আপুর সঙ্গে গান করেছি। শেষবার আমরা ‘লিপস্টিক’ সিনেমার ‘নিন্দুকে’ গানটিতে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলাম। বিশ্বাস করি এই গানটিও সবাই পছন্দ করবেন।’’

ইমরান আরও জানান, নতুন এই কাজের পাশাপাশি ন্যান্সিকে নিয়ে আরেকটি গানের রেকর্ডিং করেছেন তিনি। গানটিতে ন্যান্সির সহশিল্পী মোহাম্মদ মিলন। গানটির কথা, সুর ও সংগীতে দায়িত্ব পালন করেছেন ইমরান নিজেই। মূল চলচ্চিত্রে ‘আমি পাথরে ফুল ফোটাব’ গানে ঠোঁট মিলিয়েছিলেন অমিত হাসান ও শাবনূর।

এবারও বৃহৎ আয়োজনেই হবে ভিডিও নির্মাণ। মালয়েশিয়ায় গানটির শুটিং করবেন নির্মাতা সৈকত রেজা। আগামী মাসে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও তার আগে চূড়ান্ত করা হবে মডেল। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’। 

গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আমি পাথরে ফুল ফোটাবো গানটি শ্রোতার অনেক পছন্দের। নতুন গানটির কথা অসাধারণ। শ্রোতারা এমন গানের জন্যই অপেক্ষা করেন। এটি নিয়ে শ্রোতামহলে ইতোমধ্যে তৈরি হয়েছে প্রত্যাশা। আশা করছি, নতুন আয়োজনের গানের হুকলাইনটিও শ্রোতার ভালো লাগবে।’

আরও পড়ুন

×