মেসির সঙ্গে শাহরুখও ছবি তুলেছেন, শুভশ্রীর দোষ কোথায়- প্রশ্ন রাজের
রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি ও লিওনেল মেসি। ছবি: কোলাজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৫:৩৯ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৫:৪৩
বিশ্ব ফুটবলের তুমুল আলোচিত তারকা লিওনেল মেসির ভারত সফর ঘিরে উন্মাদনায় ভাসছে দেশটি। ঠিক এমন সময় এই ফুটবলারের সঙ্গে ছবি তুলে সমালোচনার মুখে পড়েছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তবে বিষয়টি ভালোভাবে নেননি তাঁর স্বামী, নির্মাতা রাজ চক্রবর্তী।
পাল্টা প্রশ্ন তুলে রাজ বলেন, সুযোগ পেয়ে শাহরুখ খানও মেসির সঙ্গে ছবি তুলেছেন-তাহলে শুভশ্রীর দোষটা কোথায়?
শুভশ্রীকে ঘিরে সমালোচনার জবাবে রাজ বলেন, ‘একজন মানুষের লিঙ্গ, পেশা বা সম্পর্কের ভিত্তিতে একাধিক সামাজিক পরিচয় থাকে। ঠিক তেমনই শুভশ্রী একাধারে মা, বোন, স্ত্রী, অভিনেত্রী, বন্ধু- আবার তিনি একজন ভক্তও। শুভশ্রীর চেয়েও অনেক বড় তারকা শাহরুখ খান যদি মেসির সঙ্গে ছবি তুলতে পারেন, তাহলে সেটি নিয়ে প্রশ্ন ওঠে না কেন?’
রাজের ভাষায়, ‘শুভশ্রী পশ্চিমবঙ্গে জনপ্রিয়। এর পাশাপাশি তিনি মেসির একজন অন্ধভক্ত। একজন ভক্ত কি তাঁর প্রিয় মানুষটিকে দেখতে যেতে পারেন না? আগামী দিনে যতবার সুযোগ আসবে, ততবারই শুভশ্রী মেসিকে দেখতে যাবেন।’
আক্ষেপ করে রাজ চক্রবর্তী জানান, লিওনেল মেসির সঙ্গে ছবি তোলার কারণে তাঁর অভিনেত্রী স্ত্রীকে এভাবে হেনস্তার শিকার হতে হবে- তা তিনি কখনো ভাবেননি।
প্রসঙ্গত, ভারত সফরের অংশ হিসেবে শনিবার কলকাতায় যান লিওনেল মেসি। ফুটবলের এই যাদুকরকে এক ঝলক দেখতে হাজার হাজার মেসিভক্ত ভিড় জমিয়েছিলেন। তবে সেই উন্মাদনার মাঝেই তৈরি হয় চরম বিশৃঙ্খলা।
মেসির দর্শন না পাওয়ার ক্ষোভ অনুরাগীদের একাংশ উগরে দেন শুভশ্রী গাঙ্গুলির ওপর। অনেকের অভিযোগ, মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কেটেও প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকাকে সামনে থেকে দেখার সুযোগ পাননি সাধারণ দর্শক। অথচ ‘তারকা’ তকমার জোরেই নাকি অনায়াসে মেসির কাছে পৌঁছে গিয়েছেন শুভশ্রী— এই বিষয়টি নিয়েই মুখ খুলেছেন রাজ চক্রবর্তী।
- বিষয় :
- রাজ চক্রবর্তী
- শুভশ্রী গাঙ্গুলি
- লিওনেল মেসি
