ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুর্ঘটনার পর নোরা বললেন, বেঁচে আছি এটাই সবচেয়ে বড় বিষয়

দুর্ঘটনার পর নোরা বললেন, বেঁচে আছি এটাই সবচেয়ে বড় বিষয়
×

নোরা ফাতেহি। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ১৩:৪৪ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ | ১৩:৫০

মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। শনিবার দুপুরে একটি কনসার্টে পারফর্ম করতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। মাথায় বড় ধরনের আঘাত বা রক্তক্ষরণ হয়েছে কি না, তা নিশ্চিত করতে সিটি স্ক্যান করানো হয়।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নোরা ঘটনাটিকে তাঁর জীবনের অন্যতম ‘ভয়ংকর, আতঙ্কজনক ও ট্রমাটিক মুহূর্ত’ বলে উল্লেখ করেন।

নিজের শারীরিক অবস্থা জানিয়ে নোরা বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই, আমি এখন ঠিক আছি। শনিবার দুপুরে আমি একটি গুরুতর গাড়ি দুর্ঘটনার শিকার হই। এক ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং তিনি আমার গাড়িকে সজোরে ধাক্কা দেন। ধাক্কার তীব্রতায় আমি গাড়ির ভেতরে ছিটকে পড়ি এবং জানালার সঙ্গে মাথায় আঘাত পাই।’

তিনি আরও বলেন, ‘আমি বেঁচে আছি-এটাই সবচেয়ে বড় বিষয়। শরীরের কিছু জায়গায় সামান্য আঘাত, ফোলা এবং হালকা কনকাশন ছাড়া বড় কোনো ক্ষতি হয়নি। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তাই সবাইকে অনুরোধ করছি-মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না।’

মদ্যপান ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে নোরা বলেন, ‘মদ কিংবা যেকোনো কিছু যা মানুষকে স্বাভাবিক অবস্থার বাইরে নিয়ে যায়-আমি তার ঘোর বিরোধী। ২০২৫ সালেও এমন ঘটনা ঘটছে, তাও দুপুর তিনটায়-এটা একেবারেই গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, ‘এই ধরনের বেপরোয়া আচরণ অন্যদের জীবন বিপন্ন করে তোলে। আমি ভাগ্যবান যে বেঁচে গেছি। সেই মুহূর্তে চোখের সামনে জীবন ভেসে উঠেছিল। এখনও মানসিকভাবে কিছুটা আতঙ্কিত।’


নোরা ফাতেহি। ছবি: ফেসবুক

আঘাত পাওয়া সত্ত্বেও নির্ধারিত কনসার্টে পারফর্ম করেন নোরা ফাতেহি। জনপ্রিয় ডিজে ডেভিড গেটার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেন তিনি।

এ প্রসঙ্গে নোরা বলেন, ‘আমি আমার কাজ, স্বপ্ন কিংবা সুযোগকে থামতে দিই না। এখানে পৌঁছাতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কোনো মাতাল চালক আমার সেই সুযোগ নষ্ট করতে পারবে না। অনেকের কাছে এটি পাগলামি মনে হতে পারে, কিন্তু এটাই আমি।’

সবশেষে ভক্ত ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে নোরা বলেন, ‘যাঁরা আমার খোঁজ নিয়েছেন, যাঁরা বার্তা পাঠিয়েছেন-আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য। আবারও অনুরোধ করছি-মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। মুম্বাইসহ ভারতের বিভিন্ন জায়গায় এর কারণে নিরপরাধ মানুষ প্রাণ হারাচ্ছেন। এর কোনো অজুহাত হতে পারে না।’ সূত্র: পিঙ্কভিলা

আরও পড়ুন

×